Logo

রামিসা হত্যার বিচারের দাবিতে এবার কালশীতে সড়ক অবরোধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ মে, ২০২৬, ২০:৪০
রামিসা হত্যার বিচারের দাবিতে এবার কালশীতে সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা আক্তার হত্যার ঘটনায় দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে কালশী এলাকায় সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

শুক্রবার (২২ মে) সন্ধ্যার পর কালশী রোডের ফুলকলি ও আধুনিক মোড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এক পর্যায়ে সড়ক অবরোধের কারণে আশপাশের সড়কে যান চলাচল পুরোপুরি থেমে যায়।

বিক্ষোভকারীরা “জাস্টিস ফর রামিসা”, “ফাঁসি চাই”, “আমার বোন খুন হলো কেন” এবং “অপরাধীর আস্তানা ভেঙে দাও”সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন

তারা বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের দীর্ঘসূত্রতা গ্রহণযোগ্য নয়। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অল্প সময়ের মধ্যে রায় কার্যকরের দাবি জানান তারা।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিচার প্রক্রিয়ার ধীরগতির কারণে এ ধরনের নৃশংস ঘটনা বারবার ঘটছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসা আক্তারকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। মামলার প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানাকে পরে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় তদন্ত চলছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD