Logo

ত্রিশালে ‘ধরার খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
২৩ মে, ২০২৬, ১৫:২৬
ত্রিশালে ‘ধরার খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে ঐতিহাসিক ‘ধরার খাল’ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে তিনি নিজ হাতে মাটি কেটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন। প্রায় ৪৭ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খনন করেছিলেন।

বিজ্ঞাপন

উদ্বোধনী আয়োজনে স্থানীয় সাধারণ মানুষও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অংশ নেন। খাল পুনঃখনন কর্মসূচিকে সরকার কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নের গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে তুলে ধরছে।

সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন অবহেলায় ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধার করা গেলে সেচব্যবস্থা উন্নত হবে এবং কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি হবে।

বিজ্ঞাপন

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, খাল খনন কর্মসূচি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। সেই কর্মসূচির অংশ হিসেবেই মাঠপর্যায়ে কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নিজে কোদাল হাতে অংশ নেওয়ায় স্থানীয়দের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যায়।

এর আগে শনিবার সকাল ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ত্রিশালের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ত্রিশাল সফরের অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানেরও উদ্বোধন করবেন তিনি। দীর্ঘ প্রায় দুই দশক পর জাতীয় পর্যায়ে ত্রিশালে নজরুলজয়ন্তী উদ্‌যাপন হওয়ায় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

যদিও জাতীয় কবির জন্মবার্ষিকী আগামী সোমবার (২৫ মে), তবে ঈদুল আজহার ছুটি সামনে থাকায় এবার আগেভাগেই তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। শনিবার থেকেই শুরু হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন।

ত্রিশালের সরকারি নজরুল একাডেমি মাঠে নির্মিত ঐতিহ্যবাহী নজরুল মঞ্চে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তাকে স্বাগত জানাতে সাজানো হয়েছে পুরো অনুষ্ঠানস্থল। আলোকসজ্জা, সাজসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থায় নতুন রূপ পেয়েছে মঞ্চ ও আশপাশের এলাকা।

বিজ্ঞাপন

প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বাড়িয়েছেন। একই সঙ্গে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন, কবি-সাহিত্যিক ও শিল্পীরা নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও আলোচনা সভার প্রস্তুতি নিচ্ছেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এসব আয়োজনে অংশ নিচ্ছে।

এদিকে বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD