Logo

ভিসা ছাড়াই ৩৪ দেশে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ মে, ২০২৬, ১৪:০৩
ভিসা ছাড়াই ৩৪ দেশে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা
ছবি : জনবাণী গ্রাফিক্স

বাংলাদেশের নির্দিষ্ট শ্রেণির পাসপোর্টধারীদের জন্য বিশ্বের ৩৪টি দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ রয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক চুক্তির আওতায় এ সুবিধা কার্যকর হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন শাখা-২ থেকে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। পাসপোর্টের ধরন এবং সংশ্লিষ্ট দেশের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির শর্ত অনুযায়ী ভিসা অব্যাহতির সুবিধা তিনটি আলাদা শ্রেণিতে ভাগ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারি (অফিশিয়াল) ও কূটনৈতিক (ডিপ্লোমেটিক) পাসপোর্টধারী বাংলাদেশিরা ৩১টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। এসব দেশের মধ্যে রয়েছে সিঙ্গাপুর, ভিয়েতনাম, মিয়ানমার, চিলি, লাওস, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কুয়েত, রাশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, ভারত, চীন, ব্রুনাই, ওমান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, কাতার, বতসোয়ানা, কসোভো, দক্ষিণ কোরিয়া, সার্বিয়া, আর্জেন্টিনা, কাজাখস্তান, থাইল্যান্ড, তিমুর-লেস্তে, গাম্বিয়া, পাকিস্তান এবং মঙ্গোলিয়া।

বিজ্ঞাপন

এই সুবিধা মূলত সরকারি সফর, কূটনৈতিক কার্যক্রম এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয় শ্রেণিতে শুধুমাত্র কূটনৈতিক পাসপোর্টধারী বাংলাদেশিদের জন্য আলাদা ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে দুটি দেশের সঙ্গে। দেশ দুটি হলো জাপান এবং উজবেকিস্তান। এই দুই দেশে কেবল ডিপ্লোমেটিক পাসপোর্টধারী কর্মকর্তারাই ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ রয়েছে মাত্র একটি দেশে। সেটি হলো মালদ্বীপ। তবে এই সুবিধা শুধুমাত্র পর্যটন বা ব্যক্তিগত ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কর্মসংস্থান বা চাকরির উদ্দেশ্যে ভ্রমণের ক্ষেত্রে এ সুবিধা কার্যকর হবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, বিভিন্ন দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, সরকারি যোগাযোগ সহজ করা এবং বাণিজ্যিক সফরকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD