Logo

টানা পাঁচ ঘণ্টার বেশি চালানো যাবে না গাড়ি, সতর্ক করল বিআরটিএ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ মে, ২০২৬, ১৫:৩৬
টানা পাঁচ ঘণ্টার বেশি চালানো যাবে না গাড়ি, সতর্ক করল বিআরটিএ
ছবি : জনবাণী গ্রাফিক্স

সড়ক দুর্ঘটনা কমাতে গণপরিবহন চালকদের জন্য নতুন করে কঠোর সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি জানিয়েছে, নির্ধারিত সময়ের বেশি গাড়ি চালালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমনকি চালকের লাইসেন্স ও যানবাহনের রেজিস্ট্রেশন বাতিলও করা হতে পারে।

বিজ্ঞাপন

শনিবার (২৩ মে) বিআরটিএর সদর কার্যালয় থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে গণপরিবহন চালকদের বিদ্যমান মোটরযান আইন ও বিধি কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো চালক একটানা পাঁচ ঘণ্টার বেশি যানবাহন চালাতে পারবেন না। পাঁচ ঘণ্টা গাড়ি চালানোর পর অন্তত আধা ঘণ্টা বিশ্রাম নিতে হবে। এরপর অতিরিক্ত সর্বোচ্চ তিন ঘণ্টা গাড়ি চালানোর অনুমতি থাকবে। অর্থাৎ একজন চালক দিনে মোট আট ঘণ্টার বেশি এবং সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করতে পারবেন না।

বিজ্ঞাপন

বিআরটিএ বলছে, অতিরিক্ত সময় ধরে গাড়ি চালানোর ফলে চালকদের শারীরিক ও মানসিক ক্লান্তি বাড়ে, যা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। তাই দুর্ঘটনা ও হতাহতের ঘটনা কমাতে নির্ধারিত কর্মঘণ্টা মেনে চলা জরুরি।

সংস্থাটি আরও জানিয়েছে, অনেক ক্ষেত্রে পরিবহন মালিক ও চালকরা নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তাই সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন মালিক, চালক ও সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স বাতিলের পাশাপাশি যানবাহনের রেজিস্ট্রেশনও স্থগিত বা বাতিল করা হতে পারে।

এ ছাড়া যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ-এর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD