চলমান প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করতে নির্দেশ বিমানমন্ত্রীর

চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অবশিষ্ট কাজ দ্রুততম সময়ে শেষ করার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। শনিবার ঢাকায় সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল মাস পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চলমান প্রকল্পগুলোর বাকি কাজ দ্রুত শেষ করতে হবে। পাশাপাশি বিমান ও পর্যটন খাতে নতুন কোনো প্রকল্প গ্রহণের আগে তার আর্থিক সক্ষমতা ভালোভাবে যাচাই করতে হবে।
তিনি আরও বলেন, অবকাঠামো বা যেকোনো সুবিধা নির্মাণের আগে সুপরিকল্পিত কর্মপরিকল্পনা থাকা জরুরি। ঠিকাদারদের কাজের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিজ্ঞাপন
আফরোজা খানম বলেন, জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের সুফল যেন সরাসরি জনগণের কাছে পৌঁছায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর তিনি জোর দেন।
সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার। এতে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ মন্ত্রণালয় ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রকল্পের পরিচালকরা।








