প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশে দায়িত্ব পালন শেষে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। রবিবার (২৪ মে) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
বিজ্ঞাপন
সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন খলিলুর রহমান।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশে প্রায় চার বছর দায়িত্ব পালনের পর প্রণয় ভার্মাকে এবার বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
২০২২ সালের সেপ্টেম্বরে তিনি ঢাকায় ভারতের ১৮তম হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং অর্থনৈতিক যোগাযোগ জোরদারে বিভিন্ন কূটনৈতিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি।
প্রণয় ভার্মা ১৯৯৪ সালে ভারতীয় ফরেন সার্ভিসে যোগ দেন। দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে দায়িত্ব পালন করেছেন।
বিজ্ঞাপন
বাংলাদেশে দায়িত্ব নেওয়ার আগে ২০১৯ সালের জুলাই থেকে তিনি ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন।
এছাড়া তার কূটনৈতিক ক্যারিয়ারে হংকং, সান ফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু, ওয়াশিংটন ডিসি এবং হ্যানয়েও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।








