Logo

১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ মে, ২০২৬, ১৬:১১
১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

রাজধানীর যানজট কমাতে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে কার্যক্রম জোরদার করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ঈদের পর এসব বিষয়ে আরও কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

রবিবার (২৪ মে) সচিবালয়ে ডিএসসিসির সিগন্যালিং সিস্টেম নিয়ে বৈঠক শেষে এসব তথ্য জানান ডিএসসিসি প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

তিনি বলেন, রাজধানীতে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর কাজ ধাপে ধাপে এগোচ্ছে। এরই মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ কাজ শেষ হয়েছে। ঈদের পর আবারও কাজ শুরু হবে এবং আগামী এক থেকে দুই মাসের মধ্যে বেশি সংখ্যক এলাকায় সিগন্যাল ব্যবস্থা চালুর লক্ষ্য রয়েছে।

বিজ্ঞাপন

ডিএসসিসি প্রশাসক জানান, নগরীতে মোট ২২টি পয়েন্টে অটো ট্রাফিক সিগন্যাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। এতে যান চলাচলে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে। তবে যানজট পুরোপুরি কমাতে রিকশা ও গণপরিবহন ব্যবস্থাপনা আরও উন্নত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, ফুটপাত দখলমুক্ত করতে বিভিন্ন এলাকায় হকার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ঈদের পর বাকি এলাকাগুলোতেও অভিযান চলবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর ট্রাফিক পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

গাবতলী থেকে পোস্তা পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্প নিয়েও কথা বলেন তিনি। এই প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গগামী যানবাহন শহরের ভেতরে প্রবেশ না করেই চলাচল করতে পারবে, ফলে ঢাকার যানজট অনেকটাই কমে আসবে।

কোরবানির ঈদকে সামনে রেখে বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও বিশেষ পরিকল্পনার কথা জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, ঈদের পর ১২ ঘণ্টার মধ্যে রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, নগরবাসীর সুবিধার্থে লাখো বস্তা বিতরণ করা হয়েছে যাতে নির্দিষ্ট স্থানে কোরবানির বর্জ্য ফেলা যায়।

বিজ্ঞাপন

তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোরবানির বর্জ্য কোনোভাবেই ড্রেন বা খোলা স্থানে ফেলা যাবে না। সবার সহযোগিতায় নির্ধারিত সময়ের মধ্যে রাজধানী পরিষ্কার রাখা সম্ভব হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD