ঈদে ৬ দিন মহাসড়কে কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ

ঈদযাত্রা নির্বিঘ্ন করা এবং কোরবানির পশুর হাটকেন্দ্রিক যানজট নিয়ন্ত্রণে মহাসড়কে ছয় দিন ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বিজ্ঞাপন
রবিবার এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদকে সামনে রেখে ২৫ থেকে ২৭ মে এবং ২৯ থেকে ৩১ মে—মোট ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।
ডিএমপি জানায়, ঈদের সময় বিপুল সংখ্যক মানুষ রাজধানী ছাড়েন এবং অনেকে ঢাকায় প্রবেশ করেন। এ পরিস্থিতিতে ঈদযাত্রা ও পশুর হাটকেন্দ্রিক সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
তবে এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে পশুবাহী যানবাহন। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, তৈরি পোশাক, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যান চলাচল করতে পারবে।
এছাড়া রুট পারমিট ছাড়া বাস চলাচল করতে পারবে না। আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে সরাসরি গন্তব্যে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সড়কে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
বিজ্ঞাপন
ডিএমপি আরও জানিয়েছে, অনুমোদিত কাউন্টার ছাড়া রাস্তা থেকে যাত্রী ওঠানামা করানো যাবে না। ঈদযাত্রা নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।








