Logo

রপ্তানি কার্গো নিরাপত্তায় বড় অগ্রগতি, ঢাকায় ইডিডি পুনর্বহাল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ মে, ২০২৬, ১৯:০৪
রপ্তানি কার্গো নিরাপত্তায় বড় অগ্রগতি, ঢাকায় ইডিডি পুনর্বহাল
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিমানবন্দরগুলোতে রপ্তানি কার্গো স্ক্রিনিং সক্ষমতা আরও সম্প্রসারিত হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ধারাবাহিক উদ্যোগ ও সমন্বিত কার্যক্রমের ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও এক্সপ্লোসিভ ডিটেকশন ডগ (ইডিডি) পদ্ধতিতে সরাসরি যুক্তরাজ্যগামী রপ্তানি কার্গো স্ক্রিনিংয়ের অনুমোদন চালু হয়েছে। একই সঙ্গে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম (ইডিএস) চালুর মাধ্যমে স্ক্রিনিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৪ মে) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, ঢাকায় ইডিডি পদ্ধতির অনুমোদন পুনর্বহাল হওয়ায় বাংলাদেশের রপ্তানি কার্গো নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ হয়েছে। এর ফলে যুক্তরাজ্যগামী পণ্যের নিরাপত্তা যাচাই আরও শক্তিশালী ও নির্ভরযোগ্য হবে। একই সঙ্গে রপ্তানি কার্যক্রমে আস্থা বাড়বে এবং অতিরিক্ত পুনঃপরীক্ষা বা বিলম্বের ঝুঁকি কমে আসবে। এতে সরাসরি কার্গো পরিবহনে গতি বাড়বে এবং রপ্তানিকারকের সময় ও ব্যয় সাশ্রয় হবে।

বিজ্ঞাপন

অন্যদিকে, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় ইডিএস চালু হওয়ায় রপ্তানি কার্গো স্ক্রিনিং কার্যক্রম আরও দ্রুত, নিরবচ্ছিন্ন ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে। নতুন এই সুবিধার কারণে স্ক্রিনিং সক্ষমতা বাড়বে, কার্গো প্রক্রিয়াজাতকরণের সময় কমবে এবং রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

জানা গেছে, বাংলাদেশ থেকে সরাসরি ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যে রপ্তানি কার্গো পাঠানোর লক্ষ্যে ২০১৭ সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থার্ড কান্ট্রি ইইউ এভিয়েশন সিকিউরিটি ভ্যালিডেটেড রেগুলেটেড এজেন্ট (আরএ৩) ভ্যালিডেশন অর্জন করে। এরপর থেকে ইডিএস, এক্স-রে, ইটিডি এবং ইডিডি—এই চারটি পদ্ধতিতে রপ্তানি কার্গো স্ক্রিনিং কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

তবে ২০২১ সালে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট সরাসরি যুক্তরাজ্যগামী কার্গোর ক্ষেত্রে ইডিডি পদ্ধতির অনুমোদন সাময়িকভাবে স্থগিত করেছিল। পরে বেবিচকের ধারাবাহিক কূটনৈতিক ও কারিগরি তৎপরতা এবং যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত সমন্বয়ের মাধ্যমে সেই অনুমোদন পুনর্বহাল করা সম্ভব হয়।

বিজ্ঞাপন

এর ফলে এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইডিএস, এক্স-রে ও ইটিডির পাশাপাশি পূর্ণাঙ্গভাবে ইডিডি ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে। এতে রপ্তানি কার্গো স্ক্রিনিং প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এছাড়া নতুন নতুন এয়ারলাইনস এয়ার ক্যারিয়ার ক্যারিং এয়ার কার্গো অ্যান্ড মেইল ফ্রম থার্ড কান্ট্রি এয়ারপোর্ট টু ইউরোপিয়ান কান্ট্রিজ (এসিসি৩) ভ্যালিডেশন অর্জনের মাধ্যমে সরাসরি কার্গো পরিবহনে সক্ষমতা অর্জন করবে বলেও জানা গেছে।

এদিকে, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ২০২১ সালে আরএ৩ ভ্যালিডেশন অর্জনের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যে সরাসরি রপ্তানি কার্গো কার্যক্রম শুরু করে। কিছু সময় বন্ধ থাকার পর ২০২৫ সালের এপ্রিল থেকে সেখানে আবার নিয়মিত কার্গো অপারেশন চালু হয়েছে।

বিজ্ঞাপন

সিলেট বিমানবন্দরে আগে থেকেই ইডিএস, এক্স-রে ও ইটিডি পদ্ধতিতে স্ক্রিনিং কার্যক্রম চলছিল। সম্প্রতি দ্বিতীয় ইডিএস চালুর ফলে বিমানবন্দরটির রপ্তানি কার্গো পরিচালন সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে।

সংশ্লিষ্টরা জানান, এর ফলে নতুন নতুন এয়ারলাইনস এসিসি৩ ভ্যালিডেশন অর্জনে আগ্রহ দেখাচ্ছে। পাশাপাশি সিলেট থেকে বৃহৎ পরিসরে সরাসরি রপ্তানি কার্গো পরিবহনের নতুন সুযোগ তৈরি হয়েছে, যা দেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD