Logo

ঝড়ের কবলে চায়না সাউদার্ন কলকাতায়, চট্টগ্রামের ফ্লাইট ফিরল চট্টগ্রামে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ মে, ২০২৬, ১৫:০৮
ঝড়ের কবলে চায়না সাউদার্ন কলকাতায়, চট্টগ্রামের ফ্লাইট ফিরল চট্টগ্রামে
ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়া ও ঝড়ের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। এ সময় একটি আন্তর্জাতিক ফ্লাইট আকাশে কিছুক্ষণ চক্কর দিয়ে কলকাতায় চলে যায় এবং একটি অভ্যন্তরীণ ফ্লাইট ফিরে যায় চট্টগ্রামে।

বিজ্ঞাপন

সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে এসব ফ্লাইট অবতরণের কথা ছিল।

বিমানবন্দর সূত্র জানায়, চীনের গুয়াংজু থেকে ঢাকাগামী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুপুর ১২টার দিকে ঢাকায় অবতরণের কথা থাকলেও ঢাকার আকাশে কিছুক্ষণ অবস্থান করার পর প্রতিকূল আবহাওয়ার কারণে সেটি অবতরণ করতে না পেরে ভারতের কলকাতা বিমানবন্দরের দিকে চলে যায়।

বিজ্ঞাপন

একই সময়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইট অবতরণের শেষ পর্যায়ে পৌঁছেও ঢাকায় নামতে পারেনি। পরে সেটি আবার চট্টগ্রামে ফিরে যায়।

ঝড়ো আবহাওয়ার কারণে এ সময় আরও কয়েকটি ফ্লাইটের সময়সূচিতে বিঘ্ন ঘটে। এর মধ্যে কাতার এয়ারওয়েজ, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং থাই এয়ারওয়েজের একাধিক ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে দুপুর সাড়ে ১২টার পর থেকে ধাপে ধাপে ফ্লাইটগুলোর অবতরণ শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ঢাকার আকাশে ঝড়ো হাওয়া ও প্রতিকূল আবহাওয়ার কারণে কিছু সময়ের জন্য অবতরণ কার্যক্রমে জটিলতা তৈরি হয়। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাইলটরা বিকল্প সিদ্ধান্ত নেন।

তবে এ ঘটনায় কতটি ফ্লাইট সরাসরি প্রভাবিত হয়েছে বা কত সময় বিলম্ব হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD