Logo

বৃষ্টিতে কাদামাখা পশুর হাট, চরম দুর্ভোগে ক্রেতা-বিক্রেতারা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ মে, ২০২৬, ১৮:০৪
বৃষ্টিতে কাদামাখা পশুর হাট, চরম দুর্ভোগে ক্রেতা-বিক্রেতারা
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে রাজধানীর শনির আখড়া পশুর হাটে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। হাটজুড়ে পানি ও কাদা জমে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন কোরবানির পশু কিনতে আসা ক্রেতা ও বিক্রেতারা। দুর্ভোগ পোহাতে হচ্ছে পশুগুলোকেও। অনেক গরুকে পানির মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, আবার কোথাও কাদার মধ্যেই শুয়ে আছে পশু।

বিজ্ঞাপন

সোমবার (২৫ মে) বিকেলে হাট ঘুরে দেখা যায়, বৃষ্টির কারণে হাটের অধিকাংশ অংশ কর্দমাক্ত হয়ে পড়েছে। কোথাও কোথাও পানি জমে ছোট ছোট ডোবায় পরিণত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিক্রেতারা খড় ও বালু ফেললেও পুরোপুরি স্বস্তি মিলছে না।

জামালপুর থেকে আসা গরু ব্যবসায়ী হাসেম জানান, তিনি ১৫টি গরু নিয়ে হাটে এসেছেন। এর মধ্যে সাতটি বিক্রি হলেও আটটি এখনো অবিক্রীত রয়েছে। তিনি বলেন, বৃষ্টির কারণে হাটের পরিবেশ খুব খারাপ হয়ে গেছে। গরুগুলোকে পানির মধ্যেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে পশুরাও কষ্ট পাচ্ছে, আমরাও নানা সমস্যায় পড়েছি।

বিজ্ঞাপন

ফরিদপুর থেকে আসা আরেক ব্যবসায়ী সিদ্দিক মৃধা বলেন, তিনি ও তার ভাই মিলে ১২টি গরু নিয়ে এসেছেন। এর মধ্যে নিজেদের খামারে পালন করা কয়েকটি গরুও রয়েছে। কিন্তু হাটে আসার দুই দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত একটি গরুও বিক্রি হয়নি।

তার ভাষ্য, এখনো বাজার পুরোপুরি জমে ওঠেনি। বৃষ্টির কারণে ক্রেতাও কম আসছেন। তবে ঈদের শেষ সময়ের দিকে বিক্রি বাড়বে বলে আশা করছেন তিনি।

হাটে গরু কিনতে আসা আবদুল হামিদ বলেন, কাদা ও পানির কারণে ঠিকমতো হাঁটা যাচ্ছে না। গরু দেখতেও সমস্যা হচ্ছে। এতে ক্রেতাদেরও ভোগান্তি বাড়ছে।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, অনেক বিক্রেতা নিজেদের উদ্যোগে বালু ফেলে পানি কমানোর চেষ্টা করছেন। কেউ কেউ খড় বিছিয়ে গরুর জায়গা শুকনো রাখার চেষ্টা করছেন। তবে বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

উল্লেখ্য, কয়েক দিনের ভ্যাপসা গরমের পর রোববার বিকেলে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সোমবারও ঢাকার বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দুপুর ১২টা থেকে ১টার মধ্যে রাজধানীতে ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD