সরকারের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি গ্রহণের আগ্রহ প্রকাশ আইএমএফ'র

চলমান ঋণ কর্মসূচির পাশাপাশি নির্বাচিত সরকারের সঙ্গে তিন বছর মেয়াদি নতুন একটি ঋণ কর্মসূচি গ্রহণের আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একইসঙ্গে দেশের অর্থনৈতিক সংস্কার কার্যক্রম দ্রুত শেষ করার তাগিদও দিয়েছে সংস্থাটি। এছাড়া বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে আইএমএফ।
বিজ্ঞাপন
গত ২১ মে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে চলমান ঋণ কর্মসূচির অগ্রগতি, সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ সহযোগিতার দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সোমবার অর্থ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেও বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আইএমএফের অব্যাহত সহযোগিতা ও অংশীদারত্বের জন্য ধন্যবাদ জানান। একইসঙ্গে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন সভার সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়।
বিজ্ঞাপন
মন্ত্রী বৈঠকে বলেন, বাংলাদেশ সরকার সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং কাঠামোগত সংস্কার বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। তবে তিনি উল্লেখ করেন, বর্তমান আইএমএফ কর্মসূচি ভিন্ন অর্থনৈতিক ও নীতিগত বাস্তবতায় গ্রহণ করা হয়েছিল। পরবর্তীতে দেশীয় রাজনৈতিক অর্থনীতি ও বৈশ্বিক অনিশ্চয়তার কারণে কিছু সংস্কার বাস্তবায়নে চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, সরকার সংস্কার কার্যক্রম থেকে সরে আসতে চায় না; বরং দেশের বাস্তব পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে এবং বাস্তবসম্মতভাবে সংস্কার বাস্তবায়নের পক্ষে।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালককে জানান, নতুন নির্বাচিত সরকারের অধীনে তিন বছর মেয়াদি একটি নতুন ঋণ কর্মসূচি গ্রহণে বাংলাদেশ আগ্রহী। এই কর্মসূচিতে বাস্তবায়নযোগ্য ও অগ্রাধিকারভিত্তিক সংস্কার অন্তর্ভুক্ত থাকবে এবং তা ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা থাকবে।
বিজ্ঞাপন
আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্ক বাংলাদেশের সংস্কার উদ্যোগ ও নতুন কর্মসূচি গ্রহণের আগ্রহকে স্বাগত জানান। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে আইএমএফের ঘনিষ্ঠ ও গঠনমূলক সম্পর্ক অব্যাহত থাকবে বলে সংস্থাটি আশাবাদী। বৈঠকে উভয় পক্ষ বাস্তবসম্মত ও কার্যকর একটি নতুন ঋণ কর্মসূচি দ্রুত শুরু করার বিষয়ে একমত হয়।








