Logo

রেকর্ড সংখ্যক অভিবাসীকে নাগরিকত্ব দিলো জার্মানি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ মে, ২০২৬, ১৪:২৩
রেকর্ড সংখ্যক অভিবাসীকে নাগরিকত্ব দিলো জার্মানি
ছবি: সংগৃহীত

জার্মানিতে ২০২৫ সালে রেকর্ড সংখ্যক অভিবাসী নাগরিকত্ব পেয়েছেন। দেশটির সাপ্তাহিক পত্রিকা ‘ভেল্ট আম জনটাগ’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত বছর অন্তত ৩ লাখ ৯ হাজার ৮৫২ জন অভিবাসী জার্মান পাসপোর্ট অর্জন করেছেন।

বিজ্ঞাপন

দেশটির ইতিহাসে এক বছরে এত বিপুল সংখ্যক মানুষকে নাগরিকত্ব দেওয়ার ঘটনা এবারই প্রথম। এর আগের বছর ২০২৪ সালে জার্মান নাগরিকত্ব পেয়েছিলেন ২ লাখ ৯১ হাজার ৯৫৫ জন।

বিশ্লেষকদের মতে, নাগরিকত্ব আইনে বড় ধরনের পরিবর্তনের ফলেই এই সংখ্যা দ্রুত বেড়েছে। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে জার্মানি তাদের নাগরিকত্ব নীতিতে গুরুত্বপূর্ণ সংস্কার আনে। আগে জার্মান নাগরিকত্ব পেতে হলে আবেদনকারীকে নিজ দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হতো এবং কমপক্ষে আট বছর জার্মানিতে বসবাসের শর্ত পূরণ করতে হতো।

বিজ্ঞাপন

নতুন আইনে দ্বৈত নাগরিকত্বের সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি নাগরিকত্বের জন্য প্রয়োজনীয় বসবাসের সময়সীমাও কমিয়ে পাঁচ বছর করা হয়েছে। এরপর থেকেই দেশটিতে নাগরিকত্বের আবেদন উল্লেখযোগ্য হারে বাড়তে শুরু করে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে নাগরিকত্ব পাওয়া অভিবাসীর সংখ্যা ২০২৩ সালের তুলনায় প্রায় ৪৬ শতাংশ বেড়েছিল। আর ২০২৫ সালে সেই প্রবৃদ্ধির হার কিছুটা কমে ৬ শতাংশে নেমে এলেও সংখ্যার দিক থেকে এটি নতুন রেকর্ড গড়েছে।

বিজ্ঞাপন

নাগরিকত্ব পাওয়া অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন সিরিয়ার নাগরিক। ২০২৪ সালে জার্মান পাসপোর্ট পাওয়া মোট মানুষের প্রায় ২৮ শতাংশই ছিলেন সিরীয়। এরপরের অবস্থানে ছিলেন তুরস্কের নাগরিকরা।

তবে এই পরিসংখ্যান এখনো পুরোপুরি চূড়ান্ত নয়। জার্মানির ১৬টি অঙ্গরাজ্যের মধ্যে ১৪টির তথ্যের ভিত্তিতে এই হিসাব প্রকাশ করা হয়েছে। পূর্বাঞ্চলের মেকলেনবুর্গ-ফোরপমার্ন এবং সাকসেন-আনহাল্ট রাজ্যের তথ্য এখনো প্রকাশ হয়নি। কিছু ক্ষেত্রে প্রাথমিক তথ্য ব্যবহার করেও হিসাব তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পত্রিকাটি।

এদিকে আগামী কয়েক বছরে ইউক্রেনীয় শরণার্থীদের নাগরিকত্ব আবেদন আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিপুল সংখ্যক ইউক্রেনীয় নাগরিক জার্মানিতে আশ্রয় নেন। তাদের অনেকেই ২০২৭ সালের মধ্যে নতুন আইনের পাঁচ বছরের বসবাসের শর্ত পূরণ করবেন।

বিজ্ঞাপন

জার্মানির অউরিখ অঞ্চলের এক মুখপাত্র জানিয়েছেন, ২০২৭ সালের বসন্ত নাগাদ বিপুল সংখ্যক ইউক্রেনীয় নাগরিকত্ব আবেদনের যোগ্য হয়ে উঠবেন। আইনি অবস্থান আরও স্থায়ী করতে তারা এই সুযোগ কাজে লাগাতে পারেন বলে মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনীয় শরণার্থীরা জার্মানিতে আসার পর থেকেই কাজের অনুমতি ও পূর্ণাঙ্গ বসবাসের মর্যাদা পেয়েছিলেন। ২০১৫ ও ২০১৬ সালে সিরিয়া থেকে আশ্রয় নেওয়া শরণার্থীদের ক্ষেত্রে শুরুতে এমন সুবিধা ছিল না। ফলে ইউক্রেনীয়দের একটি বড় অংশ সুরক্ষার মেয়াদ শেষ হওয়ার আগেই নাগরিকত্বের পথে হাঁটতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD