Logo

টানা তাপপ্রবাহে ভারতের তেলেঙ্গানায় ১৬ জনের মৃত্যু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ মে, ২০২৬, ১৫:৪৯
টানা তাপপ্রবাহে ভারতের তেলেঙ্গানায় ১৬ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

টানা তাপপ্রবাহে ভারতের বিস্তীর্ণ অঞ্চল কার্যত পুড়ছে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম—সবখানেই চলছে তীব্র গরমের দাপট। এই পরিস্থিতিতে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় গত কয়েক দিনে তাপপ্রবাহজনিত কারণে ১৬ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তেলেঙ্গানা রাজ্য প্রশাসন। পৃথক আরেক বিবৃতিতে রাজ্যের পরিকল্পনা ও উন্নয়ন সংস্থা জানিয়েছে, তেলেঙ্গানার ৩৩টি জেলার মধ্যে ১৬টি জেলা বর্তমানে তাপপ্রবাহের কবলে রয়েছে। এসব এলাকায় তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে এবং চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।

প্রশাসনের তথ্য অনুযায়ী, মৃত্যু হয়েছে মূলত ১৬টি জেলার মধ্যে ৭টি জেলায়। রাজ্য প্রশাসনের বিবৃতিতে বলা হয়েছে চার জনের মৃত্যু হয়েছে জয়শঙ্কর ভূপালপল্লি জেলায়। তিন জন করে মারা গিয়েছেন ওয়ারাঙ্গল আর্বান, করিমনগর এবং নিজামাবাদে। সূর্যপেট, জগুলাম্বা গঢ়়ওয়াল, রঙ্গারেড্ডি জেলায় এক জন করে মারা গিয়েছেন। প্রত্যেক মৃতের পরিবারের জন্য ৪ লক্ষ রুপি ক্ষতিপূরণের ঘোষণা করেছে রাজ্য সরকার।

বিজ্ঞাপন

তেলেঙ্গানা রাজ্য আবহাওয়া ভবন জানিয়েছে, রাজ্যে শিগগিরই তাপপ্রবাহের পরিস্থিতি বদলানোর কোনও সম্ভাবনা নেই। আগামী দু’তিন দিন এ অবস্থায় বজায় থাকবে।

উল্লেখ্য, বিশ্বের যে ৫০টি তপ্ত শহরের তালিকা প্রকাশিত হয়েছিল শুক্রবার, সেই তালিকায় তেলেঙ্গানার বেশ কয়েকটি শহর ছিল।

রাজ্য আবহাওয়া দফতর জানিয়েছে, তেলঙ্গানার ১৬টি জেলার মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা কুমারম ভীম আসিফাবাদ জেলার সিরপুরে। সেখানে তাপমাত্রা ৪৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

ভারতে মে মাস শুরু হতেই চড়চড় করে বাড়ছে তাপমাত্রা। দেশটির উত্তর, উত্তর-পশ্চিম থেকে মধ্য এবং পূর্বের বিস্তীর্ণ অঞ্চল গত এক সপ্তাহ ধরে তাপপ্রবাহের কবলে। অনেক জায়গায় তীব্র তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। শুধু দিল্লি কিংবা উত্তরপ্রদেশই নয়, গরমে পুড়ছে পঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, তেলঙ্গানা, রাজস্থান-সহ বিস্তীর্ণ অঞ্চল।

দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। কোথাও কোথাও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD