অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পেলেন নৌ প্রতিমন্ত্রী, নিলেন অ্যাকশন

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকায় ঈদযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পেয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা করার নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার (২৫ মে) দুপুরে পাটুরিয়া ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকায় ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে গিয়ে এসব অনিয়ম দেখতে পান প্রতিমন্ত্রী।
বিজ্ঞাপন
পরিদর্শন শেষে তিনি বলেন, ঈদযাত্রীদের কাছ থেকে কিছু কিছু স্থানে অতিরিক্ত ১০ টাকা করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অঙ্কে কম হলেও এমন অনিয়ম কোনোভাবেই উপেক্ষা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
ঘাটের তিন নম্বর ফেরিঘাট এলাকায় লোকাল যানবাহনের যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের বিষয়টি সরেজমিনে যাচাই করে সত্যতা পান প্রতিমন্ত্রী। পরে সংশ্লিষ্ট কালেক্টর ঠিকাদারকে জরিমানা করার নির্দেশ দেন তিনি।
বিজ্ঞাপন
রাজিব আহসান বলেন, বিভিন্ন ঘাটে একাধিকবার পরিদর্শন চালানো হয়েছে। কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, ঘাট এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা অব্যবস্থাপনা পাওয়া গেলে দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী যাত্রীদের সঙ্গে কথা বলে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। একই সঙ্গে ঘাটে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও কথা বলেন।
বিজ্ঞাপন
এ সময় ফেরিতে পরিবেশিত খাবারের মান, লঞ্চচালকদের সনদ এবং লঞ্চের ফিটনেস সংক্রান্ত কাগজপত্রও পরীক্ষা করেন তিনি।
পরিদর্শনকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








