ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভালুকা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার দুপুরের আগে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এই কম্পন টের পান বিভিন্ন এলাকার মানুষ। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ময়মনসিংহের ভালুকা অঞ্চল।
বিজ্ঞাপন
আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৪। সংস্থাটির ভারপ্রাপ্ত পরিচালক রুবাইয়াৎ কবীর বলেন, এটি ছিল স্বল্পমাত্রার ভূমিকম্প। তাই আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি।
তিনি আরও জানান, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশে মাঝেমধ্যে ভূমিকম্প হওয়া অস্বাভাবিক নয়। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের হালকা কম্পন ভূ-প্রাকৃতিক বাস্তবতার অংশ।
বিজ্ঞাপন
তবে সাম্প্রতিক সময়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের প্রবণতা বাড়তে দেখা যাচ্ছে, যা বিশেষজ্ঞদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আগে তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত ওই এলাকাগুলোতেও এখন ভূমিকম্পের ঘটনা বাড়ছে বলে পর্যবেক্ষণে উঠে এসেছে।








