Logo

ঈদে বিদ্যুৎ বন্ধের তথ্য জানা যাবে মসজিদের মাইকে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ মে, ২০২৬, ১৮:১৩
ঈদে বিদ্যুৎ বন্ধের তথ্য জানা যাবে মসজিদের মাইকে
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত তথ্য দ্রুত জনগণের কাছে পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ বিভাগ। নির্ধারিত লোডশেডিং কিংবা আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের তথ্য এবার স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিভাগ ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর এবং সংস্থাকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কোনো কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে বা রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতার প্রয়োজন হলে তা আগাম গ্রাহকদের জানাতে হবে।

বিজ্ঞাপন

এই উদ্দেশ্যে স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রগুলোকে মাইকিং, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমে ঘোষণা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া দেশের বিভিন্ন এলাকার মসজিদের নাম, ইমাম ও মুয়াজ্জিনদের পরিচিতি এবং মোবাইল নম্বর সংগ্রহ করে বিদ্যুৎ বিভাগে পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে এসব তথ্য সংশ্লিষ্ট বিতরণকারী সংস্থা ও কোম্পানির ওয়েবসাইটেও সংরক্ষণ ও আপলোড করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ঈদকে কেন্দ্র করে শহর ও গ্রামাঞ্চলে বিদ্যুতের চাহিদা বাড়ে। এ সময় হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট হলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। তাই আগাম তথ্য পৌঁছে দিতে পারলে গ্রাহকরা প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবেন এবং বিভ্রান্তিও কমবে।

বিজ্ঞাপন

বিশেষ করে ঈদের দিন কোরবানির পশু জবাই, মাংস সংরক্ষণ, রান্নাবান্না এবং অতিথি আপ্যায়নের কারণে বিদ্যুতের ব্যবহার অনেক বেড়ে যায়। ফলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বাড়তি সতর্ক থাকতে হচ্ছে।

বিদ্যুৎ বিভাগের এই উদ্যোগকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন। স্থানীয়ভাবে মসজিদের মাইক ব্যবহার করে তথ্য প্রচার করলে দ্রুত বেশি মানুষের কাছে বার্তা পৌঁছানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD