Logo

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ মে, ২০২৬, ১৩:৩৩
জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

​জাতীয় ঐক্য ও দেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ মে) ঢাকায় প্রধানমন্ত্রীর গুলশান বাসভবনে সরকার প্রধানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

​একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের প্রধান লক্ষ্য এবং একমাত্র স্লোগান-'সবার আগে বাংলাদেশ'। আমরা বিশ্বাস করি, আমরা করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। এই মূলনীতিকে ধারণ করে আমরা দেশের প্রতিটি নাগরিককে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে একটি সুদৃঢ় জাতীয় ঐক্যের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

বিজ্ঞাপন

​স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, ২০২৪ সালের ৫ই আগস্ট-পরবর্তী বাংলাদেশে দেশের জনগণ এক মুক্ত, স্বাধীন ও শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করছে। এই স্বাধীন ও স্বস্তিদায়ক আবহেই দেশবাসী পরপর কয়েকটি উৎসবমুখর ঈদ উদযাপন করার সৌভাগ্য লাভ করেছে। তিনি দেশের অব্যাহত সমৃদ্ধি, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সর্বাঙ্গীণ মঙ্গলের জন্য মহান আল্লাহর দরবারে সম্মিলিত প্রার্থনা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

​প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের কবর জিয়ারতের কর্মসূচি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন। তিনি জানান, পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।

​পরবর্তীতে তাঁরা বনানী কবরস্থানে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো এবং ডা. জুবাইদা রহমানের পিতার কবর জিয়ারত ও রূহের মাগফিরাত কামনা করেন।

বিজ্ঞাপন

​একইসঙ্গে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী পিলখানা হত্যাকাণ্ডে নির্মমভাবে শাহাদাতবরণকারী তৎকালীন বিডিআর-এর (বর্তমানে বিজিবি) বীর সামরিক কর্মকর্তা এবং অন্যান্য শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের কবর জিয়ারত করেন। স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, এই জিয়ারত কর্মসূচিসমূহে তিনি নিজে এবং দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর অ্যাডহক কমিটির সদস্য সৈয়দ ইব্রাহিম আহমদ প্রমুখ।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD