শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে মানুষের ঢল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যান শনিবার (৩০ মে) পরিণত হয় শ্রদ্ধা, স্মৃতি ও আবেগঘন এক মিলনমেলায়। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ সমাধিস্থলে ভিড় জমান।
বিজ্ঞাপন
কারও হাতে ছিল ফুল, কারও হাতে দলীয় পতাকা। আবার অনেকে এসেছেন শুধু প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বিজয় সরণি থেকে জিয়া উদ্যান এলাকা মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে।
বেলা ১১টায় সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারেক রহমান। এ সময় তিনি শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। তার উপস্থিতিতে সমাধি প্রাঙ্গণে জড়ো হওয়া মানুষের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
তবে আনুষ্ঠানিকতার বাইরেও অনেকের উপস্থিতিতে ফুটে ওঠে ব্যক্তিগত আবেগ ও স্মৃতিচারণার দৃশ্য। কেউ নীরবে দাঁড়িয়ে দোয়া করেছেন, কেউ ফুল হাতে সমাধির পাশে সময় কাটিয়েছেন। অনেকের চোখে ছিল আবেগের ছাপ।
এক প্রবীণ সমর্থক বলেন, আমরা শুধু একজন রাজনৈতিক নেতাকে স্মরণ করতে আসিনি, বরং এমন একজন রাষ্ট্রনায়ককে শ্রদ্ধা জানাতে এসেছি, যিনি কঠিন সময়ে জাতিকে নেতৃত্ব দিয়েছেন এবং আত্মবিশ্বাস জুগিয়েছেন।
বিজ্ঞাপন
বিএনপি নেতা রবিন হোসেন বলেন, শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা ও কর্মনিষ্ঠা আজও আমাদের অনুপ্রাণিত করে। তার রাজনৈতিক দর্শন আগামী প্রজন্মের জন্যও পথনির্দেশক হয়ে থাকবে।
ছাত্রদলের নেতা শামসুল আরেফিনের ভাষায়, জিয়া উদ্যানে মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, শহীদ জিয়া শুধু ইতিহাসের অংশ নন, তিনি এখনও বহু মানুষের আবেগ ও বিশ্বাসের জায়গায় রয়েছেন।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জিয়া উদ্যান এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেলেও মানুষের উপস্থিতি ও শ্রদ্ধা নিবেদনের কার্যক্রম ছিল স্বাভাবিক।
দিনভর ফুলেল শ্রদ্ধা, দোয়া ও স্মৃতিচারণায় জিয়া উদ্যান যেন হয়ে ওঠে এক আবেগঘন প্রাঙ্গণ। উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মতে, শহীদ জিয়াউর রহমানের স্মৃতি, আদর্শ ও রাজনৈতিক অবদান এখনও দেশের অনেক মানুষের কাছে প্রেরণার উৎস হিসেবে বিবেচিত হয়।
সূত্র: বাসস








