‘ডোনাল্ড ট্রাম্প’ নামের বানান ভুল, চিড়িয়াখানার কিউরেটর বদলি

জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষিত একটি অ্যালবিনো মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখা এবং পরবর্তীতে সেই নামের বানান ভুলভাবে প্রদর্শনের ঘটনায় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে অন্যত্র বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিজ্ঞাপন
প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, কেবল বানান ভুলের বিষয়টিই নয়, একটি সরকারি প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে মহিষের নামকরণ এবং পরে সেই নাম ভুলভাবে উপস্থাপনের ঘটনাও প্রশাসনিকভাবে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) জারি করা এক প্রজ্ঞাপনে ডা. আতিকুর রহমানকে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সমমান) পদে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে ডা. মো. হাবিবুর রহমানকে জাতীয় চিড়িয়াখানার নতুন কিউরেটর হিসেবে পদায়ন করা হয়েছে।
বিজ্ঞাপন
মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে অবশ্য বদলির কারণ উল্লেখ করা হয়নি। সেখানে জনস্বার্থে এ রদবদল করা হয়েছে বলে বলা হয়েছে।
এর আগে ঈদুল আজহাকে সামনে রেখে গোলাপি-সাদা রঙের বিরল অ্যালবিনো মহিষটি ব্যাপক আলোচনায় আসে। ঈদুল আজহাকে সামনে রেখে গোলাপি-সাদা রঙের বিরল অ্যালবিনো মহিষটি ব্যাপক আলোচনায় আসে। পরে কোরবানির জন্য নির্ধারিত মহিষটিকে সংরক্ষণ করে জাতীয় চিড়িয়াখানায় নিয়ে আসা হয়। দর্শনার্থীদের জন্য প্রদর্শনের সময় প্রাণীটির পরিচিতি ফলকে ‘ট্রাম্প’-এর পরিবর্তে ‘ট্টাম্প’ লেখা হলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরে ফলকটি সংশোধন করা হয় এবং মহিষটির নাম পরিবর্তন করে ‘সাদা মহিষ’ রাখা হয়।
বিজ্ঞাপন








