কালশী বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আনসার-ভিডিপি

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। ঈদুল আযহার আগে দুর্দশাগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটাতে বাহিনীর উদ্যোগে ১ হাজার ২৫০ জন ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৩০ মে) বাউনিয়াবাদ কালশী বস্তি এলাকায় এ খাদ্য বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালকের নির্দেশনা ও মানবিক বিবেচনায় এই সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
গত ২৫ মে সংঘটিত অগ্নিকাণ্ডে কালশী বস্তির বহু ঘরবাড়ি পুড়ে যায়। এতে শত শত পরিবার তাদের সহায়-সম্বল হারিয়ে চরম দুর্ভোগে পড়ে। অনেকেই খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হন এবং খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে দিন কাটাচ্ছেন।
আরও পড়ুন: এনসিপি নেতাকে জুতাপেটা, ভিডিও ভাইরাল
বিজ্ঞাপন
এমন পরিস্থিতিতে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আনসার-ভিডিপির এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে।
খাদ্য বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এ কাজে ৪১ জন অঙ্গীভূত আনসার সদস্য এবং ৩৫ জন টিডিপি সদস্য ও সদস্যা দায়িত্ব পালন করেন।
বাউনিয়াবাদ আইডিয়াল হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির পরিচালক (উইং) শুভ্র চৌধুরী। এছাড়া ঢাকা মহানগর আনসার (পশ্চিম) জোনের উপপরিচালক আরিফুর রহমান, ঢাকা মহানগর আনসার (দক্ষিণ) জোনের উপপরিচালক মো. কামরুজ্জামানসহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্যোগ ও সংকটময় সময়ে মানবিক সহায়তা, উদ্ধার এবং পুনর্বাসন কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বাহিনী ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।








