৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতাল দায়ী: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তদন্ত প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৭ মে ভোর ৬টা থেকে সকাল ৯টার মধ্যে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে স্বাস্থ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করে। তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল এবং বৃহস্পতিবার বিকেল ৩টায় সেই প্রতিবেদন হাতে পাওয়া গেছে।
বিজ্ঞাপন
তদন্তে দেখা গেছে, হাসপাতালটির ভবন কাঠামো স্বাস্থ্যসেবা পরিচালনার জন্য পুরোপুরি উপযোগী নয়। তদন্ত কমিটি পোস্ট-অপারেটিভ ওয়ার্ডের দ্বিতীয় কক্ষ পরিদর্শন করে ধারণা পেয়েছে যে, দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ থাকায় এবং পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা না থাকায় কক্ষটিতে অক্সিজেনের ঘাটতি তৈরি হয়েছিল। একই সঙ্গে সেখানে কার্বন ডাই-অক্সাইডের মাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি ছিল।
মন্ত্রী আরও বলেন, তদন্তকারীরা দায়িত্বরত সেবিকা, পরিচ্ছন্নতাকর্মী এবং মৃত নবজাতকদের অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন। তাদের বক্তব্য ও প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দায়িত্ব পালনে সেবিকাদের গুরুতর অবহেলা ও প্রয়োজনীয় সহযোগিতার ঘাটতির প্রমাণ পাওয়া গেছে।
তিনি বলেন, তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।








