সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম কার্যদিবসে প্রয়াত সাবেক সংসদ সদস্য, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। শোক প্রস্তাবে ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক এমপি ও মন্ত্রীর নাম উল্লেখ করা হয়।
বিজ্ঞাপন
রবিবার (৭ জুন) বিকেলে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শোক প্রস্তাব উত্থাপন করেন। এ সময় তিনি প্রয়াত রাজনীতিক ও জননেতাদের অবদানের কথা স্মরণ করে সংসদের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানান।
শোক প্রস্তাবে যাদের নাম অন্তর্ভুক্ত করা হয় তাদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির সাবেক সংসদ-সদস্য সৈয়দ মো. কায়সার, বিএনপির সাবেক সংসদ-সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক এম. এ. মান্নান, বিএনপির সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক, মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক, সাবেক টেকনোক্রেটমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দোহা।
বিজ্ঞাপন
এ ছাড়া জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আবু নূর মোহাম্মদ বাহাউল হক, বিএনপির সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, ময়মনসিংহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন, চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মুন্সিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. দবিরুল ইসলামের নামও শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়।
তালিকায় আরও ছিলেন ভোলা-১ সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন ও ঢাকা ১১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ প্রমুখ।
সংসদে কেবল সাবেক এমপি ও মন্ত্রীদেরই নয়, দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা ও সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতেও শোক প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী অধ্যাপক দিলারা হাফিজের মৃত্যুতে সংসদের পক্ষ থেকে শোক জানানো হয়। একই সঙ্গে জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ, কবি হেলাল হাফিজ, সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন, প্রখ্যাত সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী, লেখক ও গবেষক বদরুদ্দীন উমর, নজরুলসংগীত শিল্পী ডালিয়া নওশীন, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা আব্দুল কুদ্দুস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, সংঘরাজ ড. জ্ঞানীশ্রী মহাস্থবির এবং সাংবাদিক গাজী রুহুল আমিনের মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করা হয়।
আরও পড়ুন: ১১ জুন আসছে নতুন সরকারের প্রথম বাজেট
সংসদীয় প্রথা অনুযায়ী, অধিবেশনের প্রথম দিনে প্রয়াত সংসদ সদস্য, মন্ত্রী, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং দেশ-বিদেশের বিশিষ্ট নাগরিকদের স্মরণে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। এ সময় তাদের কর্মময় জীবন ও দেশের প্রতি অবদানের কথা স্মরণ করা হয়।
বিজ্ঞাপন
শোক প্রস্তাব পাঠ শেষে প্রয়াত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করা হয়। পরে তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সংসদ সদস্যরা কিছু সময় নীরবতা পালন করেন এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।








