Logo

১১ জুন আসছে নতুন সরকারের প্রথম বাজেট

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ জুন, ২০২৬, ১৭:৩০
১১ জুন আসছে নতুন সরকারের প্রথম বাজেট
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটিই প্রথম বাজেট অধিবেশন, যেখানে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করা হবে।

বিজ্ঞাপন

রবিবার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হয়। আগামী ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব সংসদে উপস্থাপন করবেন।

এর আগে সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ৭ মে এই অধিবেশন আহ্বান করেন।

বিজ্ঞাপন

সরকার আগামী অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা করছে, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট হতে পারে। সংশ্লিষ্টদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা মোকাবিলা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি, ঋণের সুদ পরিশোধের চাপ এবং সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়ন বাজেটের আকার বাড়ানোর অন্যতম কারণ।

অর্থনীতিবিদদের মতে, অর্থনীতি পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়া হলেও প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার সম্ভাব্য বাজেট ঘাটতি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরে অন্তর্বর্তী সরকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছিল, যা পরে সংশোধন করে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়। সে সময় উন্নয়ন ব্যয় কমিয়ে ভর্তুকি ও অনুন্নয়ন খাতে বরাদ্দ বাড়ানো হয়েছিল।

বিজ্ঞাপন

সেই হিসাবে আসন্ন বাজেটের আকার চলতি অর্থবছরের তুলনায় প্রায় ১৮ শতাংশ বেশি হতে পারে, যা সাম্প্রতিক বছরগুলোর গড় বাজেট বৃদ্ধির হারকেও ছাড়িয়ে যাবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD