আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

শিশু রামিসা হত্যা মামলার আসামিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তদন্ত কার্যক্রম সফলভাবে পরিচালনা এবং অভিযুক্তদের আইনের আওতায় আনতে ভূমিকা রাখায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
রবিবার (৭ জুন) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির সভায় এ বিষয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। সভায় তিনি রামিসা হত্যাকাণ্ডের তদন্তে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের তৎপরতার প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী বলেন, একটি মর্মান্তিক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় স্বল্প সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার করা সরকারের আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় অবস্থানের প্রতিফলন। তিনি মনে করেন, দ্রুত তদন্ত ও আইনগত পদক্ষেপ জনগণের মধ্যে ন্যায়বিচারের প্রতি আস্থা আরও সুদৃঢ় করবে।
বিজ্ঞাপন
সভায় তিনি বিশেষভাবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর অবদানের কথা উল্লেখ করেন। তাদের নেতৃত্বে সংশ্লিষ্ট সংস্থাগুলো কার্যকরভাবে কাজ করায় মামলার তদন্ত দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তিনি আশা প্রকাশ করেন, মামলার বিচারিক প্রক্রিয়া যথাযথ নিয়মে দ্রুত সম্পন্ন হবে এবং অপরাধে জড়িত ব্যক্তিরা দেশের প্রচলিত আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি হবে। একই সঙ্গে ভবিষ্যতেও অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী আরও বলেন, অপরাধ সংঘটিত হওয়ার পর দ্রুত তদন্ত, তথ্য সংগ্রহ এবং অপরাধীদের আইনের আওতায় আনার সক্ষমতা রাষ্ট্রের আইনশৃঙ্খলা ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের দক্ষতা ও সমন্বিত উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে।
সভায় উপস্থিত সদস্যরাও রামিসা হত্যা মামলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তদন্ত কর্মকর্তাদের প্রশংসা করেন। তারা অপরাধ দমনে সরকারের কঠোর অবস্থানকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকরভাবে বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।








