Logo

নতুন বাজেটে সাধারণ মানুষের স্বস্তি, কমছে নিত্যপণ্যের দাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ জুন, ২০২৬, ১৫:৪০
নতুন বাজেটে সাধারণ মানুষের স্বস্তি, কমছে নিত্যপণ্যের দাম
ছবি: সংগৃহীত

মূল্যস্ফীতির চাপে কষ্টে থাকা সাধারণ মানুষের জন্য সুখবর নিয়ে এসেছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করছেন। এতে দৈনন্দিন খরচ কমাতে এবং জনজীবনে স্বস্তি ফেরাতে একাধিক জনমুখী ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

করমুক্ত আয়সীমা বৃদ্ধি

মধ্যবিত্তের জন্য বড় সুবিধা হলো করমুক্ত আয়সীমা বাড়ানো। বর্তমান ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করা হচ্ছে। নারী করদাতা ও ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য এই সীমা ৪ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী করদাতাদের জন্য ৫ লাখ টাকা এবং জুলাই গণঅভ্যুত্থানের আহত যোদ্ধাদের জন্যও বিশেষ কর সুবিধা রাখা হয়েছে।

৬০ নিত্যপণ্যের দাম কমবে

বিজ্ঞাপন

চাল, ডাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, ভোজ্যতেল, চিনি, লবণসহ ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের উৎস কর আগের ২-৫ শতাংশ থেকে কমিয়ে ০.৫ শতাংশ করা হয়েছে। এতে বাজারে এসব পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

চিকিৎসা খরচে স্বস্তি

কিডনি রোগীদের ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে সব কর-ভ্যাট প্রত্যাহার করা হয়েছে, যার ফলে প্রতি ডায়ালাইসিসে প্রায় ৮০০ টাকা খরচ কমবে। হার্টের রিংয়ের দাম ২০ হাজার টাকা এবং চোখের লেন্সের দাম ৫ হাজার টাকা পর্যন্ত কমানোর জন্য কর ছাড় দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মোবাইল ও ইন্টারনেট সাশ্রয়ী

নতুন সিম কার্ডের ওপর ৩০০ টাকা ট্যাক্স পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। মোবাইল নেটওয়ার্ক সেবার উৎস কর ১২ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। ফলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচ কমবে।

প্রবীণদের জন্য বড় সুবিধা

বিজ্ঞাপন

৬৫ বছরের বেশি বয়সী নাগরিকরা সারা দেশে ট্রেনে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। মেট্রোরেলে তারা ২৫ শতাংশ ভাড়া ছাড় পাবেন।

সামাজিক সুরক্ষা বৃদ্ধি

৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে মাসে ২,৫০০ টাকা নগদ ভাতা পাবেন। প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে মাসে ১,০০০ টাকা করা হয়েছে, যা ৩৮ লাখ মানুষ পাবেন।

বিজ্ঞাপন

সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো

আগামী ১ জুলাই ২০২৬ থেকে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকর হবে। মূল্যস্ফীতি বিবেচনায় তাদের জীবনযাত্রার মান উন্নয়নে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ প্রতিপাদ্যে প্রস্তাবিত বাজেটের রাজস্ব আয়ের লক্ষ্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। নিট ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। ঘাটতি পূরণে বৈদেশিক উৎস থেকে ১ লাখ ১৬ হাজার কোটি এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

এটি দেশের ৫৫তম বাজেট এবং নতুন সরকারের আমলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট। স্পিকার ড. হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাজেট উপস্থাপিত হয়েছে। নতুন অর্থবছর ১ জুলাই থেকে কার্যকর হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD