শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, দিলেন আর্থিক সহায়তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রামে নিহত প্রথম শহীদ ওয়াসিম আকরামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন।
বিজ্ঞাপন
শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার বাঘগুজারা বাজারপাড়া এলাকায় অবস্থিত ওয়াসিম আকরামের কবরস্থানে যান প্রধানমন্ত্রী। সফরসঙ্গীদের নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে তিনি বিশেষ মোনাজাতে অংশ নেন এবং শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।
কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী শহীদ ওয়াসিমের মা জোসনা বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় পরিবারের বর্তমান অবস্থা, প্রয়োজন ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন তিনি।
বিজ্ঞাপন
পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তাদের হাতে ২০ লাখ টাকার একটি পারিবারিক সঞ্চয়পত্র তুলে দেন। সরকারের পক্ষ থেকে শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।
এর আগে সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার পৌঁছান প্রধানমন্ত্রী। সফরের শুরু থেকেই তিনি জেলার বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেন।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল পাতলী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা এবং পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন।
বিজ্ঞাপন
সরকারি সূত্রে জানা গেছে, কক্সবাজার সফরের অংশ হিসেবে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় এবং উন্নয়ন কর্মকাণ্ড পর্যালোচনারও পরিকল্পনা রয়েছে।
সন্ধ্যায় চকরিয়া উপজেলা বিএনপি আয়োজিত একটি জনসভায় প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সেখানে তিনি সরকারের চলমান উন্নয়ন পরিকল্পনা, স্থানীয় অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
এছাড়া মেরিন ড্রাইভ সড়ক এলাকায় সমুদ্র দর্শন এবং একটি সুধী সমাবেশেও অংশ নেওয়ার সূচি রয়েছে তার। দিনের কর্মসূচি শেষ করে রাতেই ঢাকার উদ্দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।








