Logo

উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ জুন, ২০২৬, ১৬:১৭
উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ
ডা. জাহেদ উর রহমান | ফাইল ছবি

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ভারতের দিল্লি বিমানবন্দরে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘দুঃখজনক’ হিসেবে আখ্যায়িত করেছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। উপদেষ্টার স‌ঙ্গে যা হ‌য়ে‌ছে তা নি‌য়ে বাংলা‌দে‌শের পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নি‌চ্ছে ব‌লেও জানান তি‌নি।

বিজ্ঞাপন

সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

তিনি জানান, এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে এবং দিনশেষে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হতে পারে।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, একজন উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধির ক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি হওয়া অনভিপ্রেত। ঘটনাটির সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বিষয়টি নিয়ে কাজ চলছে।

পরে একই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ড. জাহেদ উর রহমানের সঙ্গে ঠিক কী ঘটেছে, সে বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঘটনার বাস্তবতা যাচাইয়ের পর প্রয়োজন হলে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

প্রতিমন্ত্রী আরও জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইতোমধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন এবং ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনব্যাপী বৈঠকে অংশ নিতে রবিবার (১৪ জুন) দিল্লিতে যান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার দায়িত্বও তার ওপর ন্যস্ত ছিল।

তবে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হন তিনি। কূটনৈতিকভাবে আগাম অবহিত করার পরও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিকভাবে প্রবেশের অনুমতি দেয়নি। বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষা করিয়ে রাখার পরও প্রথমদিকে তার প্রবেশের বিষয়টি অনিশ্চিত রাখা হয়।

বিজ্ঞাপন

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশ হাইকমিশন শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছিল যে আইওআরএর বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ডা. জাহেদ উর রহমান। এ বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগও সম্পন্ন হয়েছিল।

পরবর্তীতে ভারতের উচ্চপর্যায়ের নির্দেশনার পর তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হয় বলে জানা গেছে। তবে সৃষ্ট পরিস্থিতিতে অসন্তোষ প্রকাশ করে তিনি নির্ধারিত কর্মসূচিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন।

এরপর দিল্লিতে অবস্থান না করে সেদিনই শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উদ্দেশে রওনা হন তিনি। সেখানে স্বল্প সময় অবস্থানের পর সোমবার দুপুরে ঢাকায় ফিরে আসেন।

বিজ্ঞাপন

ঘটনার পর বাংলাদেশের কূটনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে, আগাম কূটনৈতিক নোট পাঠানোর পরও একজন সরকারি উপদেষ্টার বিমানবন্দরে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD