Logo

বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, চলছে ব্যাপক প্রস্তুতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ জুন, ২০২৬, ১৭:২৩
বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, চলছে ব্যাপক প্রস্তুতি
ছবি: সংগৃহীত

ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে আগামী বুধবার (১৭ জুন) মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরকে ঘিরে জেলার বিভিন্ন স্থানে প্রস্তুতি জোরদার করা হয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীরা সফর সফল করতে নানা আয়োজন সম্পন্ন করছেন।

বিজ্ঞাপন

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। সকাল ১০টা ১৫ মিনিটে সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে যাবেন তিনি।

দুপুর ১টায় শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ পর্যায়ে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে কার্ড বিতরণ করা হবে।

বিজ্ঞাপন

এরপর মৌলভীবাজার সদরে গিয়ে দুপুর আড়াইটায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার শহরে চলছে ব্যাপক প্রস্তুতি। অনুষ্ঠানস্থল দুটি নতুনভাবে সাজানো হচ্ছে। সাম্প্রতিক বৃষ্টিতে মাঠে জমে থাকা কাদা অপসারণে বালু ফেলে সমতল করা হচ্ছে। পাশাপাশি মঞ্চ নির্মাণ, প্রবেশপথ সংস্কার, নিরাপত্তা বেষ্টনী স্থাপন ও সৌন্দর্যবর্ধনের কাজ দ্রুত এগিয়ে চলছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও সরকারি স্থাপনাগুলোও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি ফোর্সসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

সফরকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গনেও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে জেলার দীর্ঘদিনের বিভিন্ন উন্নয়ন দাবির বিষয়েও প্রত্যাশা তৈরি হয়েছে। এর মধ্যে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, শমসেরনগর বিমানবন্দর চালু এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অন্যতম।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর এ সফর জেলার মানুষের জন্য গুরুত্বপূর্ণ। ফ্যামিলি কার্ড কর্মসূচি নিম্নআয়ের ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে জেলার উন্নয়ন সংশ্লিষ্ট নানা প্রত্যাশা বাস্তবায়নের ক্ষেত্রেও সফরটি সহায়ক হবে বলে তিনি মনে করেন।

বিজ্ঞাপন

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বিকেলে মৌলভীবাজারের একটি রিসোর্টে রাজনৈতিক সভায় অংশ নেবেন। পরে সিলেট হয়ে রাতে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত সফরসূচি অনুযায়ী, এটি একটি সরকারি সফর এবং এ সময় তার ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীরাও সফরসঙ্গী হিসেবে থাকবেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD