যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

যুক্তরাষ্ট্র ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে সম্পাদিত শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। এ চুক্তিকে আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে ঢাকা। সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়।
বিজ্ঞাপন
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সবসময় সংলাপ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি ও উত্তেজনা কমানোর পক্ষে। সেই ধারাবাহিকতায় শান্তি প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট পক্ষগুলোর গঠনমূলক উদ্যোগ এবং মধ্যস্থতাকারীদের দূরদর্শী ভূমিকার প্রশংসা করা হয়েছে।
বাংলাদেশ আশা প্রকাশ করেছে, সদিচ্ছা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে চুক্তিটি বাস্তবায়িত হবে এবং এর মাধ্যমে দীর্ঘমেয়াদি, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক শান্তির ভিত্তি আরও শক্তিশালী হবে।
বিজ্ঞাপন
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করে, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি শুধু ওই অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য নয়, বরং বৈশ্বিক শান্তি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং টেকসই উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিবৃতিতে সংশ্লিষ্ট সব পক্ষকে ইতিবাচক এই অগ্রগতির ধারা অব্যাহত রেখে অবশিষ্ট বিষয়গুলো সংলাপ ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের আহ্বান জানানো হয়।
বিজ্ঞাপন
বাংলাদেশের প্রত্যাশা, এ চুক্তি মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে সহায়ক হবে এবং অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ, অর্থনৈতিক কার্যক্রমের স্বাভাবিক গতি, সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে।







