Logo

সৌদি থেকে দেশে ফিরলেন ৫৭ হাজার ৬৯৯ হাজি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ জুন, ২০২৬, ১৩:০১
সৌদি থেকে দেশে ফিরলেন ৫৭ হাজার ৬৯৯ হাজি
ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৫৭ হাজার ৬৯৯ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। তাদের বহনে মোট ১৪২টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে।

বিজ্ঞাপন

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৩ হাজার ৩৮০ জন।

অন্যদিকে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ৫২ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৫ জন পুরুষ ও ১৭ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।

বিজ্ঞাপন

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ তথ্যে জানা গেছে, ১৭ জুন (সৌদি সময়) পর্যন্ত দেশে ফিরতি হজযাত্রী পরিবহনে শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সংস্থাটি এখন পর্যন্ত ২৪ হাজার ৫৭২ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। এ ছাড়া সৌদি এয়ারলাইনস পরিবহন করেছে ২০ হাজার ৩১ জন, ফ্লাইনাস এয়ারলাইনস ৮ হাজার ৩৮০ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন ৪ হাজার ৭১৬ জন হাজি।

হজযাত্রীদের দেশে ফিরিয়ে আনতে এখন পর্যন্ত মোট ১৪২ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৭০টি, সৌদি এয়ারলাইনস ৫১টি এবং ফ্লাইনাস ২১টি ফ্লাইট।

বিজ্ঞাপন

স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ৬৫ হাজার ৪১০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৮ হাজার ১১৩টি সেবা দেওয়া হয়েছে।

চলতি বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী সৌদি আরবে যান।

বিজ্ঞাপন

হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে। আগামী ৩০ জুন শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হওয়ার কথা রয়েছে। হাজিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD