Logo

ঢাকার সব বাস রুটে চলবে এক কোম্পানির বাস: সড়কমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ জুন, ২০২৬, ১৮:৪১
ঢাকার সব বাস রুটে চলবে এক কোম্পানির বাস: সড়কমন্ত্রী
ছবি: সংগৃহীত

ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে একক কাঠামোর অধীনে আনার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রতিটি রুটে বাস মালিকদের নিয়ে পৃথক কোম্পানি গঠন করে বাস পরিচালনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্র বিএসআরএফ আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ তিনি এ পরিকল্পনার কথা জানান।

মন্ত্রী বলেন, ঢাকার প্রতিটি বাস রুটে নির্দিষ্ট কোম্পানি থাকবে, যারা সমন্বিতভাবে গণপরিবহন পরিচালনা করবে। এসব বাসের রঙ, মান, ফিটনেস এবং যাত্রীসেবার মান একরকমভাবে নির্ধারণ করা হবে, যাতে সেবায় শৃঙ্খলা ও অভিন্নতা নিশ্চিত হয়।

তিনি আরও জানান, বাস চলাচলে শৃঙ্খলা আনতে সরকার ইলেকট্রিক যানবাহন ব্যবহারে উৎসাহ দিচ্ছে এবং এ খাতে অগ্রগতি হচ্ছে। পাশাপাশি কোন রুটে কোন কোম্পানি বাস পরিচালনা করবে, তা নির্ধারণে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, নতুন ব্যবস্থায় বাসগুলো নির্দিষ্ট রুটে চলবে এবং নির্ধারিত টার্মিনাল ও স্টপেজ ছাড়া যত্রতত্র যাত্রী ওঠানামা সম্পূর্ণভাবে বন্ধ করা হবে। এতে বর্তমানে যে বিশৃঙ্খলা ও যানজট তৈরি হচ্ছে, তা কমিয়ে আনা সম্ভব হবে।

তিনি উল্লেখ করেন, ঢাকায় একই রুটে একাধিক মালিকের বাস চলাচলের কারণে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি হয়। এর ফলে চালকরা নিয়ম না মেনে যত্রতত্র যাত্রী ওঠানামা করায় নগর পরিবহন ব্যবস্থা বিশৃঙ্খল হয়ে পড়ে। নতুন কাঠামোর মাধ্যমে এই সমস্যা দূর করার লক্ষ্য নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ সময় বাস কাউন্টার ব্যবস্থাপনাও আলোচনায় আসে। মন্ত্রী জানান, বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অনিয়ন্ত্রিত বাস কাউন্টার ঈদের আগে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলেও যাত্রীদের অসুবিধা বিবেচনায় তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, মালিক সমিতি, শ্রমিক সংগঠন, সিটি করপোরেশন, পুলিশ, বিআরটিএ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে আগে তিন মাস সময় নির্ধারণ করা হয়েছিল। পরে সাম্প্রতিক পর্যালোচনায় তা আরও এক মাস বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকার প্রধান তিন বাস টার্মিনাল—সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী—এ যাত্রীসেবার মান উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, এসব টার্মিনালে টয়লেট, ফ্যান, অপেক্ষাগারসহ মৌলিক সুবিধা উন্নয়নের দায়িত্ব সিটি করপোরেশনকে দেওয়া হয়েছে।

একই সঙ্গে বাস মালিকরা উন্নত পরিবেশ পেলে নিজ উদ্যোগে অবকাঠামো উন্নয়নে এগিয়ে আসতে প্রস্তুত বলে জানান তিনি। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে মেট্রোপলিটন পুলিশ পর্যাপ্ত স্ট্রিট লাইট ও সিসি ক্যামেরা স্থাপনের কাজ করবে বলেও উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD