Logo

ওভেন-ওয়াশিং মেশিন চাওয়া জামায়াত এমপিকে ওভেন দিতে চাইলেন পার্থ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ জুন, ২০২৬, ১৭:০৭
ওভেন-ওয়াশিং মেশিন চাওয়া জামায়াত এমপিকে ওভেন দিতে চাইলেন পার্থ
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে সংসদ সদস্যদের সরকারি ফ্ল্যাটে মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন ও পর্দা দেওয়ার দাবি ঘিরে নতুন আলোচনা তৈরি হয়েছে। এ বিষয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমানকে মাইক্রোওয়েভ ওভেন দেওয়ার প্রস্তাব দেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীকে ওয়াশিং মেশিন এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে পর্দা দেওয়ার অনুরোধ জানান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে পার্থ এসব কথা বলেন। এর আগে বুধবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও পর্দা দেওয়ার দাবি তুলেছিলেন মিজানুর রহমান।

পার্থ বলেন, দীর্ঘ সংগ্রামের পর গঠিত বর্তমান সংসদে জনগণের গুরুত্বপূর্ণ বিষয়গুলোই আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত। তার মতে, সংসদ সদস্যদের ব্যক্তিগত সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা সংসদের ভাবমূর্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিভিন্ন মহল থেকে এ বিষয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাকে। গণমাধ্যমে সংসদ সদস্যদের জন্য ওভেন, ওয়াশিং মেশিন ও পর্দার দাবি নিয়ে খবর প্রকাশ হওয়ায় সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধীদলীয় এই সংসদ সদস্য বলেন, একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব জনগণের সমস্যা ও দাবি সংসদে তুলে ধরা। এ ধরনের ব্যক্তিগত সুবিধা নিয়ে আলোচনা জনগণের প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

পার্থ রসিকতার ছলে বলেন, যদি সংশ্লিষ্ট সংসদ সদস্যের সত্যিই ওভেন বা পর্দার প্রয়োজন হয়, তাহলে তিনি ব্যক্তিগতভাবে সহায়তা করতে প্রস্তুত। একই সঙ্গে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিও তিনি এ বিষয়ে সহযোগিতার আহ্বান জানান।

বিজ্ঞাপন

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, এটি পয়েন্ট অব অর্ডারের বিষয় নয়। বাজেট অধিবেশনে সদস্যরা নানা বিষয়ে কথা বলতে পারেন। সংসদ সদস্য তার সুবিধা-অসুবিধার বিষয়টি তুলে ধরেছেন, যদিও বিষয়টি সংসদে না বললেও চলত।

স্পিকার আরও বলেন, সংসদ সদস্যদের জন্য প্রয়োজনীয় আসবাব ও অন্যান্য সুবিধা প্রদানের বিষয়ে সংসদীয় কমিটি রয়েছে। একই সঙ্গে কোনো সদস্যকে প্রকাশ্যে এ ধরনের সহায়তার প্রস্তাব দেওয়া তার জন্য অসম্মানজনক হিসেবে বিবেচিত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD