Logo

জামায়াতের এমপি শাহজাহানকে ‘গুলির পরিকল্পনার অডিও ফাঁস’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ জুন, ২০২৬, ১২:৩০
জামায়াতের এমপি শাহজাহানকে ‘গুলির পরিকল্পনার অডিও ফাঁস’
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে হামলার পরিকল্পনার ইঙ্গিত রয়েছে বলে দাবি করা একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

ভাইরাল হওয়া ওই অডিওতে এমপির দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত আরমান উদ্দিনের কণ্ঠ রয়েছে বলে দাবি করা হচ্ছে। কথোপকথনে একজন সংসদ সদস্যকে কেন্দ্র করে সহিংসতার পরিকল্পনার আভাস পাওয়া যায় বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

অনুসন্ধানে জানা গেছে, অডিওতে কথোপকথনে অংশ নেওয়া দুই ব্যক্তির একজন আরমান উদ্দিন এবং অপরজন বিএনপির কর্মী হিসেবে পরিচিত তারিকুল হক।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে আরমান উদ্দিন অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, শাহজাহান চৌধুরীকে কেন গুলি করতে যাবেন। পরে অডিওটি তার কাছে পাঠানোর অনুরোধ করেন। অডিও পাঠানোর পর তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

ফাঁস হওয়া অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘লোহাগাড়ায় এমপি কেন আসবে? এলে পায়ে গুলি করে জিজ্ঞেস করব কেন এসেছে। লোহাগাড়ার এমপি আরমান সাহেব, এখানে তার কথাই চলবে।’ জবাবে অপর ব্যক্তি বলেন, ‘এমপিকে তো লোহাগাড়ায় না আসতে বলি, তারপরও মানুষের চাপে তিনি আসেন।’

বিজ্ঞাপন

কথোপকথনের আরেক অংশে একজনকে বলতে শোনা যায়, ‘বাদশা খালেদের মতো অস্ত্রশস্ত্র নিয়ে থাকব।’ এর উত্তরে অন্যজন বলেন, ‘এসব করলে পুলিশ আসবে, আর্মি আসবে, এমপি আসবে।’

অডিওতে একজন সংসদ সদস্যকে কেন্দ্র করে সহিংসতার ইঙ্গিত থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পাশাপাশি অডিওটির সত্যতা এবং এর পেছনের বাস্তবতা নিয়েও নানা প্রশ্ন উঠেছে।

স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, অডিওতে থাকা তারিকুল হক লোহাগাড়া এলাকায় বালু উত্তোলন ও মাটি কাটার সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রভাবশালী গোষ্ঠীর ঘনিষ্ঠ হতে পারেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রতিক্রিয়া জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অডিওটির উৎস, সত্যতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পুলিশের একটি সূত্র জানিয়েছে, প্রয়োজন হলে অডিওটি ফরেনসিক পরীক্ষার আওতায় আনা হবে। তবে তদন্ত শেষ হওয়ার আগে অডিওটির সত্যতা সম্পর্কে কোনো চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD