জনসংখ্যাকে সমস্যা নয়, বরং দেশের সবচেয়ে বড় শক্তি: শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল জনসংখ্যাকে সমস্যা নয়, বরং দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনা হিসেবে দেখছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তার মতে, এই জনসম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে সক্ষম।
বিজ্ঞাপন
শুক্রবার (১৯ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে রোটারি ইন্টারন্যাশনাল আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিশ্বের অন্যতম জনবহুল দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও নেতৃত্বের ক্ষেত্রে এগিয়ে যেতে পারে। তিনি আরও বলেন, রাজনৈতিক অঙ্গনে ব্যক্তি স্বার্থ নয়, দেশের স্বার্থে কাজ করাই মূল লক্ষ্য হওয়া উচিত।
বিজ্ঞাপন
শিক্ষা ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রী দেশের শিক্ষা খাতকে পুরোনো কাঠামো থেকে বের করে আধুনিক ও সময়োপযোগীভাবে সাজানোর উদ্যোগ নিয়েছেন। শিশুদের স্কুল জীবন আরও আকর্ষণীয় ও বাস্তবমুখী করতে বিভিন্ন পরিবর্তন আনা হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, প্রাথমিক শিক্ষায় শিশুদের জন্য মিডডে মিল কর্মসূচি চালু করা হচ্ছে। পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম, পারিবারিক ও নৈতিক মূল্যবোধ শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রোটারি ইন্টারন্যাশনালের কার্যক্রমের প্রশংসা করে মন্ত্রী বলেন, তাদের সেবামূলক কাজ সমাজে ইতিবাচক ভূমিকা রাখছে। সংগঠনটির চারটি নীতিকে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
শিক্ষাব্যবস্থার ধারাবাহিকতা প্রসঙ্গে তিনি বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের উদ্যোগের কথাও তুলে ধরেন এবং বলেন, শিক্ষা উন্নয়নে অতীতের অভিজ্ঞতা ও বর্তমান উদ্যোগ একসঙ্গে এগিয়ে নিতে হবে।
শেষে মন্ত্রী বলেন, শিশুদের ছোটবেলা থেকেই সঠিক মূল্যবোধ, নৈতিকতা ও আনন্দময় শিক্ষার পরিবেশ দিতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম আরও দক্ষ ও মানবিক হয়ে উঠবে।








