Logo

শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়নে বড় উদ্যোগ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ জুন, ২০২৬, ১৯:০৭
শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়নে বড় উদ্যোগ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

শিক্ষাব্যবস্থাকে আধুনিক, যুগোপযোগী ও আরও কার্যকর করতে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করতে পাঠ্যক্রমে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আগামীকাল অনুষ্ঠিতব্য ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষা খাতের সংস্কার, আধুনিকায়ন ও সময়োপযোগীকরণে কাজ চলছে। এরই ধারাবাহিকতায় পাঠ্যসূচিতে বিভিন্ন ক্রীড়া কার্যক্রম যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত ধাপে ধাপে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে ও সাঁতারসহ বিভিন্ন খেলাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, একটি দক্ষ, আত্মবিশ্বাসী ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা যথেষ্ট নয়। খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত করতে হবে। এ কারণে ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণকে ব্যবহারিক শিক্ষা ও মূল্যায়নের সঙ্গে যুক্ত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

বিজ্ঞাপন

তারেক রহমানের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি ও মোবাইল ফোন নির্ভরতার মতো সামাজিক সমস্যার ঝুঁকি কমাতেও সহায়ক হবে।

বাণীতে প্রধানমন্ত্রী জানান, এ বছরের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক ও বালিকা উভয় বিভাগে সমান অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। সারা দেশে এ উপলক্ষে মোট ১ লাখ ২৩ হাজার ৯৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যা আয়তন ও অংশগ্রহণের বিচারে বিশ্বের বৃহত্তম ফুটবল টুর্নামেন্টগুলোর একটি হিসেবে বিবেচিত।

তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর ইতিবাচক প্রভাব জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় দেশের সাফল্যের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল মুখ হয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে।

তিনি ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর সার্বিক সাফল্য কামনা করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD