Logo

গাঢ় নীল-জলপাই রঙের পোশাকে ফিরছে পুলিশ, প্রজ্ঞাপন জারি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ জুন, ২০২৬, ২০:৫২
গাঢ় নীল-জলপাই রঙের পোশাকে ফিরছে পুলিশ, প্রজ্ঞাপন জারি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে ফের পরিবর্তন এনেছে সরকার। মাঠপর্যায়ের সদস্যদের আপত্তি ও অসন্তোষের পর আগের গাঢ় নীল ও হালকা জলপাই রঙের সমন্বয়ে পোশাক ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের সব ইউনিটের সদস্যদের প্যান্টের রং হবে খাকি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশের ইউনিফর্মে এই পরিবর্তন এনে পুলিশ সদর দপ্তর থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। শুক্রবার (১৯ জুন) বিষয়টি প্রকাশ্যে আসে।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, পূর্বে নির্ধারিত আয়রন (লোহা) রঙের শার্টের পরিবর্তে জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের সদস্যদের জন্য গাঢ় নীল রঙের টিসি কাপড়ের শার্ট নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে মহানগর পুলিশের (মেট্রোপলিটন) ক্ষেত্রে শার্ট হবে লাইট অলিভ রঙের। এছাড়া কফি রঙের ট্রাউজারের পরিবর্তে সব ইউনিটের জন্য খাকি রঙের ট্রাউজার বা প্যান্ট নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পূর্বে নির্ধারিত আয়রন রঙের জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভারের পরিবর্তে এখন থেকে গাঢ় নীল রঙের শীতবস্ত্র ব্যবহার করা হবে। তবে মহানগর পুলিশের জ্যাকেট হবে লাইট অলিভ রঙের।

নারী পুলিশ সদস্যদের পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিশেষায়িত পুলিশ ব্যাটালিয়ন, স্পেশাল ব্রাঞ্চ, সিআইডি ও র‍্যাব ছাড়া অন্যান্য ইউনিটের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ি ও গাঢ় নীল ব্লাউজ নির্ধারণ করা হয়েছে। মহানগর পুলিশের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ির সঙ্গে লাইট অলিভ রঙের ব্লাউজ থাকবে। হেড কভার বা হিজাব হতে হবে অনুমোদিত গাঢ় নীল রঙের। সংশোধিত বিধানে গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরার নিয়ম বহাল রাখা হয়েছে। পাশাপাশি গর্ভবতী নারী পুলিশ সদস্যরা সংশ্লিষ্ট ইউনিট প্রধানের পূর্বানুমোদন নিয়ে সাধারণ পোশাক পরতে পারবেন।

এর আগে গত মে মাসের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, বিদ্যমান পোশাক নিয়ে পুলিশ বাহিনীর ভেতরে ও বাইরে কেউ সন্তুষ্ট ছিলেন না এবং এটি মানানসইও ছিল না। তাই পুলিশ বাহিনীর আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশের পোশাক পরিবর্তনের এই পটভূমি বেশ দীর্ঘ। ২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র-জনতার অভ্যুত্থানে তৎকালীন সরকারের পতনের পর পুলিশে ব্যাপক সংস্কারের দাবি ওঠে। সেই দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫ সালের ২০ জানুয়ারি পুলিশের সব সদস্যের জন্য লোহা বা আয়রন রঙের পোশাক নির্ধারণ করে। ওই বছরের ২৫ নভেম্বর নতুন সেই পোশাকে মাঠে নামে পুলিশ।

তবে নতুন সেই পোশাক নিয়ে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে তীব্র মিশ্র প্রতিক্রিয়া ও অসন্তুষ্টি দেখা দেয়। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোশাক নিয়ে নানা ট্রল ও বিদ্রূপ হওয়ায় পুলিশ সদস্যরা চরম অস্বস্তি বোধ করেন। পরবর্তী সময়ে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২৪ ফেব্রুয়ারি ‘বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন’ পোশাক পরিবর্তনের বিষয়টি পুনর্বিবেচনার জন্য সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানায়। সেই দাবির মুখেই সরকার পুলিশের পোশাকে এই চূড়ান্ত পরিবর্তন আনল। 

বিজ্ঞাপন

উল্লেখ্য, বর্তমানে যে গাঢ় নীল ও হালকা জলপাই রঙের সমন্বয়ের পোশাক নির্ধারণ করা হয়েছে, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্তও বাংলাদেশ পুলিশ একই ধরনের ইউনিফর্ম ব্যবহার করেছিল।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD