Logo

মায়ের জন্য অ্যাম্বুলেন্সও মেলেনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ জুন, ২০২৬, ১৫:৪৯
মায়ের জন্য অ্যাম্বুলেন্সও মেলেনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

ব্যক্তিগত জীবনের এক বেদনাদায়ক অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রতিশোধের রাজনীতির বিরুদ্ধে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অতীতে তার পরিবার নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হলেও বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থেকেও তিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না।

বিজ্ঞাপন

রবিবার (২১ জুন) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে অনুষ্ঠিত এক বিশেষ মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বক্তব্যের এক পর্যায়ে তিনি তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময়কার একটি স্মৃতি তুলে ধরেন। তারেক রহমান জানান, একসময় গুরুতর অসুস্থ অবস্থায় তার মায়ের জন্য একটি হাসপাতালের কাছে অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছিল। কিন্তু প্রয়োজন থাকা সত্ত্বেও সেই সহায়তা তখন পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী জানান, বর্তমানে জনগণের ভোট ও সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি (বিএনপি) রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে এবং তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এমন অবস্থানে থেকেও ব্যক্তিগত ক্ষোভ বা আক্রোশ থেকে কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার পথে তিনি হাঁটেননি।

প্রবাসীদের উদ্দেশে বক্তব্যে তারেক রহমান প্রশ্ন রাখেন, ব্যক্তিগত প্রতিশোধ গ্রহণ করলে দেশের সাধারণ মানুষের কী উপকার হবে? এমন পদক্ষেপ রাষ্ট্র কিংবা জনগণের কোনো বাস্তব কল্যাণ বয়ে আনবে না বলেও তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, আমি ঠিক এই প্রতিহিংসামূলক রাজনৈতিক মানসিকতাটাই দেশ থেকে চিরতরে বদলে দিতে চাচ্ছি।

কুয়ালালামপুরে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে তিনি দেশের উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার বিষয়েও কথা বলেন। একই সঙ্গে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD