চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনা বিনিয়োগকারীদের জন্য সেবা আরও সহজ ও দ্রুত করতে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বেইজিংয়ে আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ ফোরামে বক্তব্যকালে তিনি এ ঘোষণা দেন।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক বিনিয়োগ ও ব্যবসার গন্তব্য হিসেবে বাংলাদেশ এখন প্রস্তুত। বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার ১৮০ দিনের একটি বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এর আওতায় নতুন ব্যবসা প্রতিষ্ঠার অনুমোদন ১৫ দিনের মধ্যেই দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
তিনি জানান, চীনা উদ্যোক্তাদের জন্য চট্টগ্রামের আনোয়ারায় একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। একই সঙ্গে মোংলায় দ্বিতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নকাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে।
বিজ্ঞাপন
তারেক রহমান বলেন, নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, উচ্চমূল্য সংযোজিত বস্ত্রশিল্প এবং ওষুধশিল্পে বিনিয়োগ আকর্ষণে বিশেষ প্রণোদনা ও নীতিগত সুবিধা দেওয়া হবে। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা নিজ দেশে নেওয়ার সুযোগ এবং আইনি সুরক্ষা নিশ্চিত করতেও সরকার অঙ্গীকারবদ্ধ।
বক্তব্যে তিনি চীনা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অংশীদার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্ত হওয়ার জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময়।








