Logo

২৮ জুন থেকে পাঁচ কেন্দ্রে মিলবে ভারতীয় পর্যটক ভিসা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ জুন, ২০২৬, ১৫:৫৯
২৮ জুন থেকে পাঁচ কেন্দ্রে মিলবে ভারতীয় পর্যটক ভিসা
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় পর্যটক ভিসা কার্যক্রম চালু করতে যাচ্ছে ভারত। আগামী ২৮ জুন থেকে দেশের পাঁচটি নির্ধারিত কেন্দ্রের মাধ্যমে ভারতীয় টুরিস্ট ভিসার আবেদন গ্রহণ ও সেবা প্রদান শুরু হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি জানান, প্রাথমিকভাবে বাংলাদেশের পাঁচটি ভিসা কেন্দ্র থেকে পর্যটক ভিসা ইস্যু করা হবে। পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী অন্যান্য কেন্দ্রেও এ সেবা সম্প্রসারণ করা হতে পারে।

বিজ্ঞাপন

ভারতীয় পর্যটক ভিসা পাওয়া যাবে যেসব কেন্দ্রে- ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট এবং রাজশাহী।

সংশ্লিষ্ট সূত্র বলছে, এই পাঁচটি কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আবেদনকারীরা সহজেই ভিসা সেবা গ্রহণ করতে পারবেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর পর্যটন ভিসা চালুর ঘোষণায় ভারত ভ্রমণেচ্ছুদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এর আগে বিভিন্ন প্রশাসনিক ও নিরাপত্তাজনিত কারণে ভারতীয় ভিসা কার্যক্রম সীমিত করা হয়েছিল। ফলে সাধারণ পর্যটকরা ভিসার জন্য আবেদন করতে পারছিলেন না। নতুন সিদ্ধান্তের ফলে আবারও চিকিৎসা, ভ্রমণ, শিক্ষা ও পারিবারিক নানা প্রয়োজনে ভারত যাওয়ার পথ আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

নতুন হাইকমিশনার দায়িত্ব গ্রহণের পরপরই এই ঘোষণা দেওয়ায় দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং ভ্রমণ কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। আগামী ২৮ জুন থেকে নির্ধারিত পাঁচটি কেন্দ্রে পর্যটক ভিসার আবেদন ও প্রক্রিয়াকরণ শুরু হওয়ার কথা রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD