হোসেনি দালান থেকে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল শুরু

পবিত্র আশুরা উপলক্ষে শোক, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার আবহে রাজধানীর পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল শুরু হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার পর আনুষ্ঠানিকভাবে মিছিলটি শুরু হয়। ভোর থেকেই ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত শিয়া মুসলিম হোসেনি দালানে জড়ো হন।
মিছিলটি হোসেনি দালান থেকে শুরু হয়ে আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট ও সায়েন্সল্যাব এলাকা অতিক্রম করে ধানমন্ডিতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশকে কালো পোশাকে দেখা যায়। তাদের হাতে ছিল প্রতীকী ছুরি, আলাম, নিশান, পতাকা, বেস্তা ও বইলালামসহ বিভিন্ন ধর্মীয় প্রতীক।
তাজিয়া মিছিলকে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব, সোয়াত, ফায়ার সার্ভিস এবং সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এছাড়া মিছিলের নির্ধারিত সড়কগুলোতে ট্রাফিক ও অন্যান্য পুলিশ সদস্যদের যান চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।
আরবি ‘আশারা’ শব্দের অর্থ দশ, আর ‘আশুরা’ বলতে মহররম মাসের দশম দিনকে বোঝায়। হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালার প্রান্তরে সত্য ও ন্যায়ের পক্ষে সংগ্রাম করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা শহীদ হন।
বিজ্ঞাপন
ইসলামের আদর্শ, ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগ মানবতার ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত। কারবালার এই শোকাবহ ঘটনা অন্যায় ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদের প্রেরণা জোগায়। আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায় বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করে থাকে, যার মধ্যে তাজিয়া মিছিল অন্যতম।








