বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা

চীনের রাজধানী বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাই থেকে মোটর শোভাযাত্রায় গ্রেট হলে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
বিজ্ঞাপন
স্বাগত অনুষ্ঠানে দুই দেশের প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন এবং নিজ নিজ প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে পরিচয়পর্বে অংশ নেন। পরে লি কিয়াং প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনার জন্য অভিবাদন মঞ্চে নিয়ে যান।
অনুষ্ঠানে চীনের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে তোপধ্বনিও দেওয়া হয়। পরে দুই দেশের সরকারপ্রধান সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন।
বিজ্ঞাপন
সরকারি সফরের অংশ হিসেবে গ্রেট হলে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
এর আগে গত ২১ জুন দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সেটিই ছিল তার প্রথম সরকারি বিদেশ সফর। মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের দালিয়ান শহরে যান এবং সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেন।
দুই দিনের কর্মসূচি শেষ করে বুধবার বিকেলে দালিয়ান থেকে হাই-স্পিড ট্রেনে বেইজিং পৌঁছান তিনি।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের প্রথম চীন সফর। এর আগে ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে তিনি চীন সফর করেছিলেন এবং গ্রেট হলে অনুষ্ঠিত রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন।








