ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ৯৭১ জন। রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ধসে পড়েছে শত শত ঘরবাড়ি ও স্থাপনা।
বিজ্ঞাপন
দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে এ হতাহতের তথ্য জানিয়েছেন। ভূমিকম্পের পর উদ্ধারকাজ অব্যাহত থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র ৪০ সেকেন্ড পর দেশটিতে আরও শক্তিশালী ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়।
বিজ্ঞাপন
ভয়াবহ এ দুর্যোগের পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের খুঁজে বের করার কাজ চালিয়ে যাচ্ছে।
বিভিন্ন ভিডিও ও ছবিতে রাজধানী কারাকাস এবং উপকূলীয় শহর কাতিয়া লা মারসহ একাধিক এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। পাহাড়ঘেঁষা এলাকায় কয়েকটি ভবন ধসে পড়ার ঘটনাও সামনে এসেছে।
ভূমিকম্পের পর আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে আশ্রয় নেন। আফটারশকের আশঙ্কায় অনেকে রাতভর রাস্তায় অবস্থান করেন।
বিজ্ঞাপন
এদিকে ইউএসজিএস প্রাথমিকভাবে সতর্ক করে জানিয়েছিল, এ ধরনের শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঝুঁকি রয়েছে।
সূত্র: এএফপি








