Logo

আবারও নতুন ইউনিফর্মে ফিরেছে পুলিশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ জুলাই, ২০২৬, ১৪:১৯
আবারও নতুন ইউনিফর্মে ফিরেছে পুলিশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের নতুন ইউনিফর্ম আনুষ্ঠানিকভাবে মাঠপর্যায়ে ব্যবহার শুরু হয়েছে। বুধবার (১ জুলাই) দেশের বিভিন্ন স্থানে নতুন পোশাক পরে দায়িত্ব পালন করতে দেখা যায় পুলিশ সদস্যদের। নতুন ইউনিফর্মে গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্টের সঙ্গে খাকি রঙের প্যান্ট যুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে বাহিনীর সব সদস্যকে এই নতুন পোশাক সরবরাহ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

নতুন পোশাক পরা একাধিক পুলিশ সদস্য জানান, বর্তমান ইউনিফর্মটি তাদের কাছে আগের তুলনায় বেশি মানানসই মনে হচ্ছে। তাদের ভাষ্য, পূর্বের নির্ধারিত পোশাক বাংলাদেশ পুলিশের পরিচিতি ও ভাবমূর্তির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ ছিল না। নতুন ইউনিফর্মে তারা স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাস দুটোই অনুভব করছেন।

একই দিন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও নতুন পোশাকে দেখা যায়। অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির গাঢ় নীল শার্ট এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ হালকা জলপাই রঙের শার্ট পরেছিলেন। তবে উভয়ের প্যান্ট ছিল খাকি রঙের।

বিজ্ঞাপন

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, বুধবার থেকেই নতুন ইউনিফর্ম ব্যবহারের কার্যক্রম শুরু হয়েছে। তবে এখনো সব সদস্যের হাতে নতুন পোশাক পৌঁছেনি। ধাপে ধাপে প্রত্যেক সদস্যকে ইউনিফর্ম সরবরাহ করা হবে। যারা ইতোমধ্যে নতুন পোশাক পেয়েছেন, তারা সেটি পরেই দায়িত্ব পালন করছেন।

এর আগে গত ১৮ জুন পুলিশ সদর দপ্তর ইউনিফর্মের রঙ ও নকশায় পরিবর্তন এনে একটি প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনে শুধু শার্ট ও প্যান্ট নয়, জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট, নারী সদস্যদের পোশাক, মাথার আবরণ এবং পূর্ণহাতা পোশাকের রঙ ও ব্যবহারবিধিতেও পরিবর্তন আনা হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, আগে ব্যবহৃত লোহা-ধূসর শার্ট এবং কফি-বাদামি ধূসর প্যান্টের পরিবর্তে নতুন রঙ নির্ধারণ করা হয়েছে। এখন অধিকাংশ ইউনিটের সদস্যরা গাঢ় নীল রঙের শার্ট এবং খাকি রঙের ট্রাউজার ব্যবহার করবেন। শার্ট হবে টিসি প্লেইন ফেব্রিক কাপড়ের এবং এতে সামনে চারটি পকেট ও সমান দূরত্বে সাতটি বোতাম থাকবে। ট্রাউজার হবে খাকি রঙের টিসি টুইল কাপড়ের। তবে জেলা পুলিশ এবং এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাবসহ নির্দিষ্ট কয়েকটি ইউনিটের ক্ষেত্রে পৃথক নির্দেশনা প্রযোজ্য থাকবে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে শীত ও গ্রীষ্ম মৌসুম অনুযায়ী ইউনিফর্মের ধরনও নির্ধারণ করা হয়েছে। গ্রীষ্মে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট ব্যবহার করা হবে। একই সঙ্গে গাঢ় নীল রঙের অনুমোদিত মাথার আবরণ ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

নারী পুলিশ সদস্যদের পোশাক সম্পর্কেও নতুন বিধানে বিস্তারিত নির্দেশনা রয়েছে। তারা চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ এবং মহানগর পুলিশে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ পরার বিধান রাখা হয়েছে। এছাড়া প্রয়োজন অনুযায়ী মাথার আবরণ ব্যবহার, ট্রাফিক ইউনিটে সারা বছর পূর্ণহাতা পোশাক পরিধান এবং গর্ভাবস্থায় ইউনিটপ্রধানের পূর্বানুমোদন সাপেক্ষে সাধারণ পোশাক ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান এবং ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীতে বিভিন্ন ধরনের সংস্কারের দাবি জোরালো হয়। সেই সময় পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের দাবিও উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরে ২৫ নভেম্বর নতুন নকশার পোশাক ব্যবহারের কার্যক্রম শুরু হয়।

তবে সেই সময় চালু হওয়া লোহা-ধূসর রঙের ইউনিফর্ম নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক সদস্য ওই পোশাকের রঙ নিয়ে আপত্তি জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে ইউনিফর্মটি নিয়ে নানা ধরনের সমালোচনা ও ট্রলের কারণে তারা অস্বস্তি প্রকাশ করেন। এসব বিষয় বিবেচনায় নিয়েই সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন রঙের ইউনিফর্ম নির্ধারণ করা হয়েছে, যা বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে মাঠপর্যায়ে ব্যবহৃত হতে শুরু করেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD