Logo

দেশব্যাপী স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার আনসার মোতায়েন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ জুলাই, ২০২৬, ১৮:২৫
দেশব্যাপী স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার আনসার মোতায়েন
ছবি প্রতিনিধি।

দেশের উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার, দালালচক্র ও বিভিন্ন অনিয়ম প্রতিরোধ এবং রোগী-সেবাগ্রহীতাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দেশের ৫০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

এ উপলক্ষে বৃহস্পতিবার (১ জুলাই) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে অঙ্গীভূত আনসার সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের জাতীয় নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন করে (১ জন প্লাটুন কমান্ডার, ১ জন সহকারী প্লাটুন কমান্ডার এবং ৮ জন আনসার সদস্য) ২৪ ঘণ্টা পালাক্রমে দায়িত্ব পালন করবেন। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি জনগণের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করাই তাদের প্রধান দায়িত্ব হবে।

বিজ্ঞাপন

তিনি উপস্থিত সদস্যদের উদ্দেশে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্র, অবৈধ অ্যাম্বুলেন্স বাণিজ্য, ঔষধ চক্র এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি উল্লেখ করেন, দেশের বিভিন্ন সরকারি বিশেষায়িত হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আনসার সদস্যরা ইতোমধ্যে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে প্রশংসা অর্জন করেছেন এবং নতুন দায়িত্ব পালনের ক্ষেত্রেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ আরও বলেন, শৃঙ্খলা, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে বাহিনীর অর্জিত সুনাম অক্ষুণ্ন রাখতে হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো সংবেদনশীল কর্মস্থলে কোনো সদস্য অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণের আস্থা ও বিশ্বাস রক্ষার ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় গ্রহণযোগ্য নয় বলেও তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন।

অতিরিক্ত মহাপরিচালক জানান, আনসার বাহিনীর নিয়োগ ও মোতায়েন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে বর্তমানে আধুনিক সফটওয়্যারভিত্তিক যাচাই-বাছাই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে, যা যোগ্য সদস্য নির্বাচন এবং বাহিনীর পেশাদারিত্ব সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আশা প্রকাশ করেন, সদস্যদের সততা, দক্ষতা ও শৃঙ্খলাপূর্ণ কর্মতৎপরতা অব্যাহত থাকলে জাপান, সংযুক্ত আরব আমিরাত ও মলদোভাসহ বিভিন্ন দেশে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারিত হবে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্য মোতায়েনের ফলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দীর্ঘদিনের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ অনেকটাই কমবে। পাশাপাশি দালালচক্রের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ, রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা, হাসপাতালের সরকারি সম্পদ সুরক্ষা এবং স্বাস্থ্যসেবার সামগ্রিক শৃঙ্খলা ও সেবার মান উন্নয়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বাহিনীর উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম, পরিচালক (অঙ্গীভূতকরণ) মো. আব্দুল মজিদ, ঢাকা জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামানসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD