পূর্বাচলকে দ্রুত বাসযোগ্য করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান গণপূর্ত প্রতিমন্ত্রীর

পূর্বাচল নতুন শহর প্রকল্পকে দ্রুত একটি আধুনিক, পরিকল্পিত ও পূর্ণাঙ্গ বাসযোগ্য নগরীতে পরিণত করতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি।
বিজ্ঞাপন
বুধবার (১ জুলাই) সকাল ১০টায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সভাকক্ষে অনুষ্ঠিত ‘পূর্বাচল নতুন শহর প্রকল্পে নগরায়ণ ত্বরান্বিতকরণ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
মতবিনিময় সভায় পূর্বাচল নতুন শহর প্রকল্পে শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের জন্য প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে বরাদ্দপ্রাপ্ত প্লটের গ্রহীতা এবং তাঁদের প্রতিনিধিরা অংশ নেন। তারা প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়ন এবং বিদ্যুৎ, পানি, গ্যাসসহ বিভিন্ন ইউটিলিটি সংযোগসংক্রান্ত সমস্যা ও মতামত তুলে ধরেন।
বিজ্ঞাপন
এ সময় প্রতিমন্ত্রী প্লট গ্রহীতাদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পূর্বাচল নতুন শহর প্রকল্পকে দ্রুততম সময়ের মধ্যে একটি সম্পূর্ণ বাসযোগ্য নগরীতে রূপ দিতে হবে। পরিকল্পিত ও আধুনিক এই শহর ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘমেয়াদে নিরাপদ, উন্নত ও স্বাচ্ছন্দ্যময় আবাসস্থল হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই কাজ চলছে।
তিনি বলেন, একটি আদর্শ নগরীর জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব সেবাপ্রতিষ্ঠান কার্যক্রম শুরু করলে সাধারণ মানুষের বসবাসের আগ্রহ আরও বৃদ্ধি পাবে। তাই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বরাদ্দ পাওয়া প্লটগুলোতে দ্রুত নির্মাণকাজ শুরু করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও আশ্বস্ত করেন, এই উদ্যোগ বাস্তবায়নে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউক প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
বিজ্ঞাপন
সভাপতির বক্তব্যে রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম পূর্বাচল নতুন শহর প্রকল্পে পরিকল্পিত ও দ্রুত নগরায়ণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে প্লট গ্রহীতাদের জন্য ইউটিলিটিসহ অন্যান্য নাগরিক সুবিধা সহজ ও দ্রুত নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় প্লট গ্রহীতা ও তাঁদের প্রতিনিধিদের পাশাপাশি রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলীরাও উপস্থিত ছিলেন।








