সীমান্তের চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

আধুনিক বিশ্বে রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু সীমান্ত পাহারা যথেষ্ট নয়; তথ্যপ্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থাও সমানভাবে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তার মতে, বর্তমান সময়ে সাইবার নিরাপত্তা রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার অন্যতম প্রধান অনুষঙ্গ হয়ে উঠেছে।
বিজ্ঞাপন
বুধবার (১ জুলাই) সকালে রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বাহিনীটির নিজস্ব অনলাইন মিডিয়া ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে যুদ্ধ, নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থার ধরনও বদলে গেছে। এখন নিরাপত্তা কেবল দেশের ভৌগোলিক সীমান্ত রক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়; তথ্যের নিরাপত্তা, সাইবার অবকাঠামো সুরক্ষা এবং সঠিক তথ্য ব্যবস্থাপনাও রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক তথ্য দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার তথ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। নির্ভুল ও বিশ্বাসযোগ্য তথ্যপ্রবাহ নিশ্চিত করা রাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
জহির উদ্দিন স্বপনের ভাষ্য, তথ্যের অপব্যবহার, ভুয়া সংবাদ এবং অনলাইন বিভ্রান্তি প্রতিরোধে শক্তিশালী তথ্য ব্যবস্থাপনার বিকল্প নেই। তাই সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে নিরাপদ তথ্য পরিবেশ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবও তথ্য বিভ্রান্তি ও গুজব মোকাবিলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ডিজিটাল যুগে গুজব খুব দ্রুত ছড়িয়ে পড়ে, যা সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে। তাই জনগণকে বিভ্রান্তিকর তথ্য থেকে সুরক্ষিত রাখা এখন সময়ের দাবি।
বিজ্ঞাপন
তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন অনলাইন মিডিয়া ‘প্রান্তিক কণ্ঠস্বর’ সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রচারের মাধ্যমে গুজব প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি জনগণের কাছে বাহিনীর কার্যক্রম ও বিভিন্ন জনসচেতনতামূলক তথ্য পৌঁছে দিতেও কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে নিরাপদ তথ্য পরিবেশ গড়ে তুলতে গণমাধ্যম ও দায়িত্বশীল তথ্য প্রচারের গুরুত্বের ওপরও জোর দেন।








