Logo

দেশে যুক্ত হচ্ছে তিন নতুন উপজেলা, অনুমোদন পেল আরও এক থানা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ জুলাই, ২০২৬, ১৪:৫৮
দেশে যুক্ত হচ্ছে তিন নতুন উপজেলা, অনুমোদন পেল আরও এক থানা
ছবি: সংগৃহীত

দেশের প্রশাসনিক কাঠামো আরও সম্প্রসারণের অংশ হিসেবে নতুন তিনটি উপজেলা এবং একটি থানার অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। নতুন উপজেলা হিসেবে অনুমোদন পেয়েছে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। একই সঙ্গে চট্টগ্রামে হালদা নামে একটি নতুন থানাও গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় দেশের বিভিন্ন অঞ্চলের প্রশাসনিক সেবা আরও সহজলভ্য ও কার্যকর করতে নতুন উপজেলা ও থানা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের প্রশাসনিক সীমানা নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। প্রকল্পের আওতায় থাকা নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশগুলো প্রশাসনিকভাবে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিকারের অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, চট্টগ্রারের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত হবে ফটিকছড়ি উত্তর উপজেলা। একইভাবে কুমিল্লার মুরাদনগর উপজেলাকে পুনর্বিন্যাস করে প্রতিষ্ঠা করা হবে বাঙ্গরা উপজেলা।

অন্যদিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার অন্তর্ভুক্ত আটটি ইউনিয়ন নিয়ে নতুন দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন করা হবে। এর মাধ্যমে ওই অঞ্চলের জনগণ প্রশাসনিক সেবা আরও কাছ থেকে পাওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে হালদা থানা প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। নতুন থানা চালু হলে সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং নাগরিক সেবার কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করা হচ্ছে।

বৈঠকে স্থানীয় সরকার, অর্থ ও পরিকল্পনা, স্বরাষ্ট্র, বাণিজ্য, আইন, সড়ক পরিবহন ও সেতু, গৃহায়ন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরাও বৈঠকে অংশ নেন।

বিজ্ঞাপন

সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নতুন উপজেলা ও থানা চালু হলে স্থানীয় জনগণের জন্য সরকারি সেবা গ্রহণ, প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা আরও সহজ ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD