Logo

আইন সাংবাদিকতায় পেশাদারত্ব বজায় রাখার আহ্বান রাষ্ট্রপতির

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ জুলাই, ২০২৬, ১৮:৫৯
আইন সাংবাদিকতায় পেশাদারত্ব বজায় রাখার আহ্বান রাষ্ট্রপতির
ছবি: সংগৃহীত

আইনবিষয়ক সাংবাদিকদের সর্বোচ্চ পেশাদারত্ব, নৈতিকতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, বিচারব্যবস্থা ও সাধারণ মানুষের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপনে আইন সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আদালতের মর্যাদা অক্ষুণ্ন রেখে এবং বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ পরিবেশন করতে হবে।

বিজ্ঞাপন

বুধবার (১ জুলাই) বঙ্গভবনে ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশনের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, আদালতের কার্যক্রম, গুরুত্বপূর্ণ রায় এবং আইনসংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ও নির্ভুলভাবে তুলে ধরতে ল’ রিপোর্টাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। একই সঙ্গে আইন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং বিচারব্যবস্থা সম্পর্কে মানুষের আস্থা বৃদ্ধিতেও তাদের অবদান উল্লেখযোগ্য।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সংবিধানের সর্বোচ্চতা, আইনের শাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি। এসব বিষয় নিশ্চিত করতে বর্তমান সরকার সংবিধানের আলোকে মানবাধিকার, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

রাষ্ট্রপতির ভাষ্য, বিচারব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণসহ বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে জনগণের বিচারপ্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল করার চেষ্টা চলছে।

তিনি বলেন, বিচার বিভাগ, আইনজীবী, আইন সাংবাদিক এবং সংশ্লিষ্ট সব অংশীজন একসঙ্গে কাজ করলে বিচারপ্রার্থীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা আরও সহজ হবে। এ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

আইন সাংবাদিকদের উদ্দেশে রাষ্ট্রপতি আরও বলেন, আদালতের মর্যাদা, বিচারাধীন মামলার সংবেদনশীলতা এবং আইনগত সীমাবদ্ধতার বিষয়গুলো বিবেচনায় রেখে সংবাদ পরিবেশন করতে হবে। দায়িত্বশীল সাংবাদিকতা বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করবে।

তিনি অপতথ্য, ভুয়া তথ্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর প্রচারণার বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান। তার মতে, তথ্য যাচাই করে নির্ভুল সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকদের এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

বিজ্ঞাপন

সৌজন্য সাক্ষাতের আগে রাষ্ট্রপতি ল’ রিপোর্টার্স ফোরামের রজতজয়ন্তী উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।

এ সময় ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি সাঈদ আহমেদ খান, সহ-সভাপতি আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা, যুগ্ম সম্পাদক আরাফাত মুন্না, অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক এস এম নূর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাবেদ আখতার এবং কার্যনির্বাহী সদস্য ওয়াকিল আহমেদ হিরন, বিকাশ নারায়ণ দত্ত, হাবিবুর রহমান ও ফজলুল হক মৃধাসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মো. নূরুল আমীন, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলামও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD