সঞ্জীবন প্লাটুনের আর্থসামাজিক সক্ষমতা বাড়ানোর তাগিদ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, সঞ্জীবন প্লাটুনের সদস্যদের আর্থসামাজিক সক্ষমতা বৃদ্ধি করে তাদের জাতীয় নিরাপত্তা ও জনসেবায় আরও কার্যকরভাবে সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলা ও দেশসেবার মানসিকতা ধারণ করে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
রবিবার (১২ জুলাই) কুমিল্লা রেঞ্জ ও জেলা কার্যালয় পরিদর্শনকালে তিনি সঞ্জীবন প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা, প্লাটুন সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া-২০২৬ পরিদর্শন শেষে এসব কথা বলেন।
সকালে লাকসাম উপজেলা সঞ্জীবন প্লাটুনের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত ‘সঞ্জীবন প্লাটুন গঠন, প্রকল্প নির্বাচন ও সদস্যদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন মহাপরিচালক। সেখানে তিনি প্রকল্প বাস্তবায়নের কৌশল, সদস্যদের দায়িত্ব, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন।
তিনি সদস্যদের সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে বলেন, টেকসই প্রকল্প বাস্তবায়নে সুষ্ঠু আর্থিক পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমাতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোরও আহ্বান জানান। হাঁস-মুরগি পালন, মৎস্যচাষ কিংবা গবাদিপশু পালন—যে প্রকল্পই নেওয়া হোক না কেন, বিকল্প জ্বালানি ব্যবস্থার মাধ্যমে স্বনির্ভর হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিজ্ঞাপন
মহাপরিচালক জানান, প্রকল্প পরিচালনায় প্রয়োজনীয় অর্থনৈতিক ব্যবস্থাপনা, কারিগরি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য সদস্যদের পর্যায়ক্রমে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে তারা আত্মবিশ্বাসের সঙ্গে প্রকল্প বাস্তবায়ন করে টেকসই আয় নিশ্চিত করতে পারবেন এবং সঞ্জীবন প্রকল্পের লক্ষ্য অর্জন আরও সহজ হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরে তিনি লালমাইয়ে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া-২০২৬ পরিদর্শন করেন। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, আন্তঃবাহিনী সমন্বয় জোরদার এবং জনগণের অংশগ্রহণভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা আরও কার্যকর করতে আয়োজিত এ মহড়ায় এবার প্রথমবারের মতো উপজেলা ও থানা পর্যায়ের সঞ্জীবন আনসার প্লাটুনের স্বেচ্ছাসেবী সদস্যরা অংশ নিয়েছেন।
বিজ্ঞাপন
মহড়ায় অংশগ্রহণকারী সদস্যদের উদ্দেশে তিনি বলেন, সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে নিজেদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি দেশের প্রয়োজনে সবসময় প্রস্তুত থাকার মানসিকতা গড়ে তুলতে হবে। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, বৃক্ষরোপণ, মাদকবিরোধী কার্যক্রম এবং জননিরাপত্তাসহ বিভিন্ন সামাজিক উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সেনাবাহিনীর প্রশিক্ষণের মাধ্যমে আনসার ও ভিডিপি সদস্যরা যে সামরিক কৌশল ও দক্ষতা অর্জন করছেন, তা নিজ নিজ প্লাটুনের অন্য সদস্যদের মধ্যে ছড়িয়ে দিলে বাহিনীর সামগ্রিক সক্ষমতা আরও বাড়বে। এর ফলে স্থানীয় পর্যায়ে আরও দক্ষ, সমন্বিত ও প্রস্তুত জননিরাপত্তা কাঠামো গড়ে উঠবে, যা জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
সততা, শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে মহাপরিচালক বলেন, বাহিনীর সদস্যদের যেকোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। তার এ পরিদর্শন ও দিকনির্দেশনা মহড়ায় অংশ নেওয়া সদস্যদের দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা জুগিয়েছে।
বিজ্ঞাপন
পরিদর্শনকালে কুমিল্লা রেঞ্জ কমান্ডার মো. মাহবুবুর রহমানসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








